ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরের ওপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সাময়িক বহিষ্কৃত পুলিশ কর্মকর্তারা হলেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও এএসআই শহিদুর রহমান।তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার আবদুল জলিলকে (প্রশাসন ও অর্থ)। কমিটির অন্য তিন সদস্য হলেন ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মীর শহীদুল ইসলাম, ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় ও ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান।জানতে চাইলে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এম আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে জানান, খিলগাঁও থানার ওসিসহ তিনজনকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার তাঁদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র কাদেরের ওপর নির্যাতনের ঘটনায় হাইকোর্ট পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তদন্তকালে থানার ওসিসহ পুলিশের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করারও নির্দেশ দেওয়া হয়।যেভাবে ছিনতাইয়ের মামলার আসামি: মোহাম্মদপুরে গাড়ি ছিনতাইয়ের মামলায় ১৯ জুলাই মাছ বিক্রেতা মামুন ও বিশ্ববিদ্যালয়ছাত্র কাদেরকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলার এজাহারে বলা হয়, ১৪ জুলাই নেভি ব্লু রঙের একটি প্রাইভেট কার ছিনতাই হওয়ার পর গাড়িচালক মঞ্জুর থানায় মামলা করেন। ১৭ জুলাই বেতারবার্তায় সারা দেশের থানায় এ খবর জানানো হয়।মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, খিলগাঁও থানার পুলিশ ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে মোহাম্মদপুর থানাকে জানায়। পুলিশ গাড়িটি জব্দ করে কাদের ও মামুনকে আসামি করে মামলা করে। পরে গাড়ির মালিক শাহিনুর রহমান ও মামলার বাদী মঞ্জুর খিলগাঁওয়ে গিয়ে গাড়িটি শনাক্ত করেন। ১৯ জুলাই প্রাইভেট কার ছিনতাইয়ের মামলায় কাদেরকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তা ছাড়া মামুনের মুঠোফোনের তালিকা পরীক্ষা করে দেখা গেছে, মামুন ১৪ জুলাই মোহাম্মদপুর এলাকায় ছিলেন। তবে কাদেরের ওই এলাকায় থাকার প্রমাণ পাওয়া যায়নি।তথ্যে অসংগতি: কাদেরের বিরুদ্ধে খিলগাঁও থানায় দায়ের হওয়া অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলায় পুলিশ উল্লেখ করেছে, ১৬ জুলাই রাতে খিলগাঁও সি ব্লকে নেভি ব্লু রঙের একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-১৪-৮০৮৫) পাঁচ-ছয়জন যুবক সন্দেহজনকভাবে বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করছেন। এ সময় খিলগাঁও থানার টহল পুলিশ গাড়িটি ধাওয়া করে রাত সাড়ে তিনটার দিকে ৫৮০/১/সি খিলগাঁও সড়কে আটক করে। তখন গাড়ি থেকে ছয় যুবক নেমে পালানোর জন্য দৌড় দেন। পুলিশ ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে স্থানীয় লোকজন লাঠিসোঁটাসহ কাদের ও মামুনকে পিটুনি দিয়ে মারাত্মক জখম করে এবং গাড়ির পেছনের কাচ ভাঙচুর করে। এ সময় কাদেরের কাছ থেকে পুলিশ চাপাতি ও মামুনের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করে। পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে মামলা করে।তবে মোহাম্মদপুর থানার এসআই বাচ্চু মিয়া গাড়ি ছিনতাইয়ের মামলায় কাদেরকে গ্রেপ্তারের জন্য মুখ্য মহানগর হাকিমের কাছে করা আবেদনে বলেন, ছিনতাই করা নেভি ব্লু রঙের গাড়িটি নিয়ে পাঁচ-ছয়জন ছিনতাইকারী ৫৮০/১/সি খিলগাঁওয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ-জনতা ধাওয়া করে দুই আসামিসহ গাড়িটি আটক করে। এই আবেদনে গণপিটুনির কথা বলা হয়নি।কাদের ব্যথায় কাতর: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন কাদের ব্যথায় কাতরাচ্ছেন। তিনি অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান নকুল কুমার দত্তের অধীনে চিকিৎসাধীন।নকুল কুমার দত্ত প্রথম আলোকে বলেন, কাদেরের হাত ও পিঠের বিভিন্ন স্থানে প্রহারের চিহ্ন রয়েছে। তাঁর বাঁ পায়ে কোপের চিহ্ন রয়েছে। পায়ের ক্ষতস্থান এখন শুকানোর পথে। এ কারণে ওই স্থানের সেলাইগুলো গতকাল কেটে দেওয়া হয়েছে। পায়ের ক্ষতস্থান এক্স-রে করে দেখা গেছে, কোপে পায়ের মাংস কেটে গেলেও হাড় অক্ষত আছে। তবে কাদের এখন আশঙ্কামুক্ত।গতকাল দুপুরে প্রিজন সেলের সামনে কথা হয় কাদেরের মায়ের সঙ্গে। তিনি ছেলেকে দেখতে গেছেন বলে জানান। তিনি বলেন, ‘বাঁ পাসহ সারা শরীরে ব্যথা। কাদের নড়তে পারছে না। অনেক চেষ্টা করেও দাঁড়াতে পারছে না। গতকাল দুই কারারক্ষীর কাঁধে ভর করে তাকে এক্স-রে করতে যেতে হয়েছে।’মুক্তির দাবিতে বিক্ষোভ: কাদেরের মুক্তির দাবিতে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। কাদেরের ওপর নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করেন তাঁরা।দুপুর ১২টায় নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীদের ব্যানারে শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ-সমাবেশ করেন। সমাবেশে তাঁরা বলেন, লিমনের ওপর র্যাবের নির্যাতন, পুলিশের উপস্থিতিতে ছয় ছাত্র হত্যার পর ধারাবাহিকভাবে আবদুল কাদেরের ঘটনাটি ঘটেছে। সারা দেশে চলমান র্যাব-পুলিশের বেপরোয়া নির্যাতনের বিচারের দাবি জানান তাঁরা।আজ রোববার দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষক সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে মিছিল বের হয়। কাদেরের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারী পুলিশের বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।