ওসিসহ তিনজনকে আদালতে হাজির হতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুরে এক শিক্ষককে নির্যাতনের ঘটনায় উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির এক সদস্যকে ১৫ নভেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাস সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। ওসি ছাড়া অন্য দুজন হলেন: উজিরপুরের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সাধারণ সম্পাদক লিটন পাণ্ডে ও নথরকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য চিত্তরঞ্জন বড়াল। ২১ অক্টোবর ‘চাকরি দিতে অনিয়ম না করার জের, বরিশালে শিক্ষককে মেরে জুতার মালা পরিয়ে দিল আওয়ামী লীগ নেতা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফর পিসের পক্ষে আজ রিট আবেদনটি করা হয়।রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। শুনানির পর আদালত রুল জারির পাশাপাশি ওই আদেশ দেন।রুলে ওই ঘটনায় বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সাত বিবাদীকে চার সপ্তাহরে মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।