ওসিসহ দুজনকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে আসমা আক্তার নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ সম্পর্কে জানতে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সালিসে অংশ নেওয়া মাহফুজুল হককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৫ নভেম্বর তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে আসমা আক্তারকে নিরাপত্তা ও সুরক্ষা দিতে চট্টগ্রামের পুলিশ সুপার ও মিরসরাইয়ের ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। ৪ অক্টোবর ‘গৃহবধূকে মাটিতে পুঁতে পাথর ছোড়ার ফতোয়া!’ শিরোনামে জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন ছাপা হয়। সাম্প্রতিক সময়ে ‘চট্টগ্রামে গৃহবধূকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ’ শিরোনামেও প্রতিবেদন ছাপা হয়। এসব প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে একটি আবেদন করা হয় (৫৬১/এ)। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলিরুজ্জামান । আদালত ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহবধূ মামলা করলে তা নিতে, অথবা পুলিশকে বাদী হয়ে মামলা করতে বা আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পুলিশকে ফৌজদারি কার্যবিধি ১৫৬ ও ৫৭ ধারা অনুসারে দায়িত্ব পালনে নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আসমা আক্তার বর্তমানে গৃহহারা।