নওগাঁয় এক গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে দোররা মারার ঘটনায় রানীনগর থানার ওসি এবং সালিসে অংশ নেওয়া চার ব্যক্তিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১ মার্চ তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের ব্যর্থতা জানাতে ওই দিন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খানকে হাজির হতে বলা হয়েছে।একই সঙ্গে নিজেদের ভূমিকা জানাতে সালিসে অংশ নেওয়া চার ব্যক্তিকেও হাজির হতে বলা হয়। তাঁরা হলেন নূর আলম, আজিজুল হক, মোফাজ্জল হোসেন ও আফজাল হোসেন। আজ দৈনিক প্রথম আলোতে ‘গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে ১০১ দোররা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে আনেন আসকের আইনজীবী অবন্তী নূরুল। আদালতে প্রতিবেদনটি পড়ে শোনান সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। প্রাথমিক শুনানির পর আদালত এ আদেশ দেন। প্রতিবেদনে বলা হয়, নওগাঁর রানীনগর উপজেলায় গত শুক্রবার এক গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে ১০১টি দোররা মারা হয়েছে। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে ওই টাকায় ভূরিভোজ করা হয়। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর স্বামীর বন্ধু স্বামীর অনুপস্থিতিতে তাঁর ঘরে গেলে দুজনের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন গ্রাম্য মাতবর আফজল হোসেন। পরদিন সালিস বৈঠকে গৃহবধূ ও ওই যুবককে দোররা ও জরিমানার শাস্তি দেওয়া হয়। যুবকের সাড়ে চার হাজার টাকা ও গৃহবধূর ৫০০ টাকা জরিমানা করা হয়।শেখ আলী আহমদ প্রথম আলো অনলাইনকে বলেন, আদালত ওসিসহ পাঁচজনকে হাজির হতে নির্দেশ দিয়েছে। এ ছাড়া নওগাঁর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাটি তদন্ত করতে বলেছেন। অবন্তী নূরুল প্রথম আলো অনলাইনকে বলেন, ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা রুলে জানতে চেয়ে সংশ্লিষ্টদের ১২ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।