ওস্তাদ বারীণ মজুমদারের দশম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ৩ অক্টোবর বাংলাদেশের শাস্ত্রীয়সংগীত প্রসারের অগ্রণী ব্যক্তিত্ব ও বাংলাদেশের প্রথম সংগীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওস্তাদ বারীণ মজুমদারের দশম মৃত্যুবার্ষিকী। বারীণ মজুমদার ১৯১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পাবনা শহরের রাধানগর অঞ্চলের বিখ্যাত মজুমদার জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ভীষ্মদেব চট্টোপাধ্যায়, চিন্ময় লাহিড়ী, ওস্তাদ ফৈয়াজ খাঁ, পণ্ডিত শ্রীকৃষ্ণ রতনজনকারের মতো সংগীত গুণীদের কাছে রাগসংগীতের তালিম নিয়েছিলেন। বারীণ মজুমদার লক্ষেৗর মরিস কলেজে সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। দেশ বিভাগের সময় তিনি স্বদেশে ফিরে আসেন। এরপর এ দেশে রাগসংগীতের উন্নয়ন ও প্রসারে নিজেকে নিবেদিত করেন। সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিলেবাস তৈরি করেন তিনি। ১৯৬৩ সালে প্রতিষ্ঠা করেন এ দেশের প্রথম সংগীত মহাবিদ্যালয় ‘কলেজ অব মিউজিক’। সংগীত মহাবিদ্যালয়ে ডিগ্রি কোর্স চালু করে এই কলেজকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত করেন।একুশে পদক, স্বাধীনতা পদক, জনকণ্ঠ গুণীজন সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত বারীণ মজুমদার দীর্ঘ রোগভোগের পর ২০০১ সালের ৩ অক্টোবর হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী ইলা মজুমদারও ছিলেন একজন বরেণ্য উচ্চাঙ্গসংগীতশিল্পী। তার বড় ছেলে পার্থ মজুমদার একজন সংগীত পরিচালক এবং ছোট ছেলে বাপ্পা মজুমদার দেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক।