ওয়াইনহাউসের নামে দাতব্য প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ সংগীত তারকা অ্যামি ওয়াইনহাউসের মৃত্যুর পর তাঁর নামে প্রতিষ্ঠা করা হয়েছে দাতব্য প্রতিষ্ঠান ‘অ্যামি ওয়াইনহাউস ফাউন্ডেশন’। এই প্রতিষ্ঠান থেকে একটি থিয়েটার স্কুলে বৃত্তি দেওয়া হবে। এটি হচ্ছে লন্ডনের সিলভিয়া ইয়ং থিয়েটার স্কুল। সেখানে ১৩ বছর বয়সে প্রথম কণ্ঠ অনুশীলন করেন ওয়াইনহাউস। অ্যামি ওয়াইনহাউসের বাবা মিচ জানান, জীবদ্দশায় সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করার ইচ্ছা ছিল তাঁর মেয়ের। সে ইচ্ছায় সাড়া দিয়ে ওই স্কুলের তেমন একজন শিশুকে এই দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হবে। থিয়েটার স্কুলের প্রতিষ্ঠাতা সিলভিয়া ইয়ং বলেন, ‘আরেকজন অ্যামিকে খুঁজে পাওয়া দারুণ ব্যাপার হবে। তবে অ্যামি একজনই ছিল।’ রয়টার্স।