ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিনা মূল্যে ইন্টারনেট-সেবা দিতে ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগেই। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা এখানে এ সুবিধা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলেও পর্যায়ক্রমে ওয়াইফাই সংযোগ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ছাত্রদের প্রায় সব হলে ওয়াইফাই সংযোগ দেওয়া হলেও ছাত্রীদের চারটি হলে এ সংযোগ দেওয়া হয়নি। এ ছাড়া জগন্নাথ হলেও ওয়াইফাই সংযোগ নেই। ফলে ওই হলের ছাত্ররা কক্ষে বসে ইন্টারনেট-সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী রোজিনা ইসলাম বলেন, ‘প্রথম দিকে হলের মাঠে বসেই ওয়াইফাই সংযোগ পেতাম, এখন আর সেটা পাওয়া যায় না।’ শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী শর্মিষ্ঠা পণ্ডিত বলেন, ‘প্রয়োজন হলেই হলের সাইবার ক্যাফেতে ছুটতে হয়। তবে সাইবার ক্যাফে তো সব সময় খোলা থাকে না। তাই মাঝেমধ্যেই ইন্টারনেটে নিজের প্রয়োজনীয় কাজ করতে ছুটতে হয় টিএসসিতে।’একই হলের শিক্ষার্থী ফারহানা আক্তার বলেন, ‘সবাই যেখানে বিনা মূল্যের ওয়াইফাই ব্যবহার করছে, সেখানে আমরা কেন টাকা দিয়ে সাইবার ক্যাফেতে বসব। আবার হলের সাইবার ক্যাফেতে কম্পিউটারের সংখ্যাও কম। ফলে অনেক সময় খালি পেতে অপেক্ষা করতে হয়।’খোঁজ নিয়ে জানা যায়, বেগম ফজিলাতুননেসা মুজিব হলেও নেই ওয়াইফাই সংযোগ। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী নাজমুন ইসলাম বলেন, ‘ওয়াইফাই সংযোগ তো আমাদের কাছে স্বপ্ন। কবে নাগাদ পাব, তা জানি না। যেখানে অন্যান্য হলে নিদেনপক্ষে একটা সাইবার ক্যাফে আছে, সেখানে আমাদের হলে তা-ও নেই। তাই ইন্টারনেট ব্যবহার করতে হলে ছুটতে হয় নীলক্ষেত কিংবা বেসরকারি কোনো সাইবার ক্যাফেতে।’ওয়াইফাই সংযোগ দেওয়া প্রসঙ্গে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জুলফিকার হাফিজ জানান, প্রতিটি হলে ওয়াইফাই সংযোগ প্রদান কিছুটা সময়সাপেক্ষ। তা ছাড়া খরচের ব্যাপারও আছে। তবে যেকোনো হলে সংযোগ পেতে হলে আগে হল কর্তৃপক্ষকে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হবে।একাধিক ছাত্রী জানান, হল থেকে তাঁরা রাত নয়টার পর বাইরে বের হতে পারেন না। তাই রাতে ইন্টারনেট-সেবার দরকার হলেও তাঁরা কোথাও যেতে পারেন না। অথচ ছাত্ররা ঠিকই রাতেও টিএসসিতে যেতে পারবেন। এ জন্য ছাত্রদের আগে ছাত্রীদের হলেই ওয়াইফাই সংযোগ দেওয়া উচিত ছিল।বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ফরিদা বেগম বলেন, ‘অনেক আগে থেকেই ভাবছি, হলে ওয়াইফাই সংযোগ দেওয়ার বিষয়ে। তাই আলাদা করে সাইবার ক্যাফে করা হয়নি। নতুন ভবনের কাজ চলছে। ভবন উদ্বোধন হলেই সংযোগ দেওয়া হবে।’জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী দয়াল কুমার রায় জানান, তথ্যপ্রযুক্তির এই যুগে সব হলেই ওয়াইফাই সংযোগ থাকলেও জগন্নাথ হলে নেই কোনো সাইবার ক্যাফে কিংবা কোনো ধরনের ইন্টারনেট-সেবা।ইন্টারনেট ব্যবহার করতে হলে দরকার হচ্ছে নিজের একটা মডেম।জগন্নাথ হলে ওয়াইফাই সংযোগ দেওয়া হচ্ছে না কেন—জানতে চাইলে প্রাধ্যক্ষ অজয় কুমার দাস বলেন, ‘জগন্নাথ হল আয়তনে অনেক বড়। আর ওয়াইফাই সংযোগ দিতে হলে চারটি ভবনেই দিতে হবে। যেহেতু সব ভবনে একসঙ্গেই সংযোগ দিতে চাই, তাই কিছুটা সময় লাগছে। তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সঙ্গে আমাদের কথা হয়েছে। যত দ্রুত সম্ভব সংযোগ দিতে চেষ্টা করব।’