ওয়াকআউট না করেও সংসদে অনুপস্থিত বিরোধী দল
ওয়াকআউট না করলেও বিএনপির সাংসদেরা আজ রোববার মাগরিবের নামাজের বিরতির পর জাতীয় সংসদে অনুপস্থিত ছিলেন। তবে বিরতির আগ পর্যন্ত তাঁদের উপস্থিতিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা পরস্পরকে দোষারোপ করেন।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার প্রসঙ্গ তুলে বিএনপির সৈয়দা আশিফা আশরাফি বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে যে বাড়ি রয়েছে, তার লিজ বাতিল করতে হবে। ধানমন্ডির সুধা সদনের বাড়িটি লেকের কতটুকু অংশ দখল করেছে, তার হিসাব দিতে হবে। তাঁর জন্য নির্ধারিত ১০ মিনিট সময় শেষে মাইক বন্ধ হয়ে গেলে বিরোধী দলের সদস্যদের কেউ কেউ হইচই করেন। স্পিকার আবদুল হামিদ এতে তাঁর জন্য আরও দুই মিনিট বরাদ্দ করেন। তবে আশিফার সামনের মাইকটি জ্বলে না ওঠায় তিনি বলেন, ‘মাইক দে।’এই বক্তব্যকে সংসদীয় শিষ্টাচারবহির্ভূত উল্লেখ করে সরকারি দলের তারানা হালিম বলেন, ‘বিরোধীদলীয় নেত্রীর সত্ সাহস থাকলে তাঁর দুই ছেলেকে বিচারের মুখোমুখি করুন। বিএনপি হলো ওরস্যালাইনের মতো—এক বালতি দুর্নীতি, এক মুঠো জামায়াত এবং এক চিমটি জাতীয়তাবাদ।’দেশকে অসাম্প্রদায়িক চেতনার দিকে এগিয়ে নেওয়া, যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু করা, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করা, নতুন শিক্ষানীতি প্রণয়ন ইত্যাদি বিষয়কে আওয়ামী লীগের সাফল্য বলে উল্লেখ করেন সরকারি দলের আবদুল জলিল। তিনি বলেন, সরকারের দুই বছরে ব্যর্থতার আঁচড় লাগলেও সাফল্যের পাল্লা ভারী। বিদ্যুত্ সমস্যার জন্য বর্তমান সরকার দায়ী নয়, বিগত সরকারের দুর্নীতিই এর জন্য দায়ী। বর্তমান সরকারের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো দুর্নীতির অভিযোগ নেই।তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার আগের দিনের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘কোনো মন্ত্রী বা সাংসদ কী আপনাকে বলেছেন যে প্রধানমন্ত্রী একা দেশ চালাচ্ছেন? সরকার পরিচালিত হচ্ছে সংবিধান অনুসারে। সুতরাং সংসদে বক্তৃতা দেওয়ার আগে সংসদ কার্যপ্রণালী বিধি অনুসরণ করা উচিত। অসংসদীয় কথা বলবেন না।’ বিএনপির মওদুদ আহমদের সমালোচনা করে তিনি বলেন, তিনি একেক সময় একেক দল করেছেন। তাঁর লিখে দেওয়া বক্তৃতা বিরোধীদলীয় নেত্রী সংসদে পড়েন। এটার মধ্যে কী আছে, ভালো কি মন্দ, তাও তিনি দেখেন না।ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।আলোচনায় আরও অংশ নেন সরকারি দলের খালিদ মাহমুদ চৌধুরী, মোজাহার আলী প্রধান, সাগুফতা ইয়াসমীন, আহাদ আলী সরকার, বি এইচ হারুন, কে এম খালিদ, নুরুন্নবী চৌধুরী, সফিকুল ইসলাম প্রমুখ।সংসদের অধিবেশন কাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।