ওয়াকফ প্রশাসনের ক্ষমতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকির জন্য এ-সংক্রান্ত আইনকে যুগোপযোগী করা হচ্ছে। আজ বুধবার সংশোধিত এ আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা আইনে কিছু সংশোধনী আনা হয়েছে। এতে ওয়াকফ পরিচালনায় প্রশাসনের নির্বাহী ক্ষমতা বাড়ানো হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। ওয়াকফ প্রশাসনের অনুমতি ছাড়া এখন থেকে সম্পত্তি হস্তান্তর ও নিবন্ধন করা যাবে না।সচিব আরও বলেন, ওয়াকফ সম্পত্তি মোতয়ালির নামে রেকর্ড হওয়ার পর তিনি মারা গেলে তার উত্তরাধিকারী যিনি থাকেন, তাঁরা এই সম্পত্তি নিয়ে নেন। আইন সংশোধন করে মোতয়ালির নামে খতিয়ান না করে ওয়াকফ এস্টেটের নামে খতিয়ান করার বিধান করা হয়েছে। এ ছাড়া কাজে অবহেলার জন্য মোতয়ালির জরিমানার পরিমাণ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। বর্তমানে দুই হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।মন্ত্রিসভার বৈঠকে রেশম উন্নয়ন বোর্ড আইন, ২০১২-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে রেশমশিল্পে তিনটি বিভাগ রয়েছে। রেশম বোর্ড, রেশম গবেষণা ইনস্টিটিউট ও সিল্ক ফাউন্ডেশন। এতে কাজের ক্ষেত্রে সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে। রেশম শিল্পের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ কারণেই রেশম শিল্পের উন্নয়নে তিনটি বিভাগকে সমন্বয় করে আইন করা হচ্ছে। এ আইনের আওতায় রেশমশিল্প একটি বোর্ড দ্বারা পরিচালিত হবে। বস্ত্র ও পাটমন্ত্রী এই বোর্ডের প্রধান হবেন ।সভায় মনকোতে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক কনফারেন্সে গৃহীত ‘প্রটোকল অব অ্যামেন্ডমেন্ট টু দ্য কনভেনশন অন দ্য ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অরগানাইজেশন’ প্রস্তাবের অনুসমর্থনের অনুমোদন দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ এই সংগঠনের সদস্য। বিধান অনুযায়ী সদস্য দেশগুলোর মন্ত্রিসভায় প্রটোকল অনুসমর্থন করার বিধান রয়েছে। এর ফলে নৌপরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত হবে। উন্নত দেশের সহযোগিতা পাওয়া যাবে। প্রশাসনিক দক্ষতাও বাড়বে।সভায় ২০০৪ সালের মন্ত্রিসভার কমিটির এক বৈঠকে ভূমি বিরোধ ও অপরাধ (বিশেষ বিধান) আইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকের সভায় এ সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।এটি প্রত্যাহার সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেওয়ানি কার্যবিধির সংশোধনীর প্রেক্ষাপটে ভূমি বিরোধ বিশেষ বিধানের প্রয়োজনীয়তা নেই। এ কারণেই সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে।এদিকে বৈঠকের একজন মন্ত্রী বলেন, বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেছেন, কক্সবাজারে বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় যে-ই জড়িত থাকুন না কেন, তাকে খুঁজে বের করা হবে।