ওয়াকা ওয়াকা বিক্রির শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বিভিন্ন বিপণিবিতান এবং শপিং মলে ঈদের বিকিকিনি বেশ জমে উঠেছে। ক্রেতাদের ভিড়ে ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে মার্কেটগুলো। বিভিন্ন বিপণিবিতান কর্তৃপক্ষ এবং বিক্রেতারা অধিক ক্রেতা আকৃষ্ট করতে ঘোষণা করেছেন বিভিন্ন উপহারের। এ ছাড়া র্যাফেল ড্রয়ের ব্যবস্থা রয়েছে বেশ কয়েকটি বিক্রয়কেন্দ্রে। অধিকাংশ দোকানের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে দেশি-বিদেশি আকর্ষণীয় দামি নানা পোশাক ও বাহারি শাড়ি। দেশীয় পোশাকের পাশাপাশি ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের পোশাকপরিচ্ছদও রয়েছে।তবে নগরীর বিভিন্ন শপিং কমপ্লেক্স, বিপণিবিতান এবং বিক্রয়কেন্দ্রের অধিকাংশই ভারতীয় পোশাকে ঠাসা। দেশীয় তৈরি পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে ভারতীয় কাপড় ও পোশাক। শিশু, ছেলে-মেয়ে, মহিলা ও পুরুষদের পোশাক ক্রয়ের পাশাপাশি মহিলা ও নববিবাহিতরা ভিড় করছেন গয়না, ইলেকট্রনিকস সামগ্রী, জুতা ও আসবাবপত্রের দোকানে।গত কয়েক দিন নগরীর বিভিন্ন বিপণিবিতান ঘুরে নগরবাসীর ঈদের কেনা-কাটা এবং বিক্রেতাদের রকমারি পণ্যের আয়োজন দেখা যায়।নিউমার্কেট: যাঁরা এক মার্কেট থেকে পরিবারের সবার পছন্দের এবং সব ধরনের পণ্য কিনতে চান, তাঁদের জন্য পছন্দের জায়গা খুলনা নিউমার্কেট। শিশুর পোশাক থেকে শুরু করে বড়দের পোশাক, গয়না, প্রসাধনী, জুতা পছন্দসই সবকিছুই এখানে পাওয়া যায়। লাকা ফ্যাশন, আবির এন্টারপ্রাইজ, জ্যোতি, সানন্দা, জামদানি হাউস, চায়না ফ্যাশন, রাজশাহী সিল্ক, পাবনা শাড়ি ঘর, মিতুল ফ্যাশনসহ বিভিন্ন দোকানে শিশু ও মেয়েদের পোশাক এবং মহিলাদের শাড়ির নতুন নতুন সমাহার রয়েছে।এবার ঈদে মেয়েদের পোশাকের তালিকায় রয়েছে ওয়াকা ওয়াকা, মাসাককালি, তেরে লিয়ে, সানিয়া মির্জা, মাই নেম ইজ খান, আয়েশা, নন্দিনী, তানহা, কাঞ্চি ও চোরি চোরি। বিক্রির শীর্ষে থাকা ওয়াকা ওয়াকা বিক্রি হচ্ছে সাড়ে তিন হাজার থেকে ১২ হাজার টাকায়। মাসাককালি, তেরে লিয়ে, সানিয়া মির্জা ইত্যাদি বিক্রি হচ্ছে আড়াই থেকে আট হাজার টাকার মধ্যে। বিভিন্ন দোকান ঘুরে জানা যায়, দামি পোশাকের পাশাপাশি মেয়েদের সুতি থ্রিপিস, নকশি থ্রিপিস, ক্রিপ শিপন, লক্ষেৗ স্টিচ, সফট সিল্কসহ বিভিন্ন ধরনের কাপড়ও বেশ চলছে। এই পোশাকগুলো দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে।মহিলাদের কারিনা, বান্টি বাবলি, রানী মুখার্জি ইত্যাদি শাড়ি এ মার্কেটে রয়েছে। এ ধরনের শাড়ির দাম ধরা হয়েছে ১২ হাজার থেকে ৪০ হাজার টাকা। এ ছাড়া থ্রি অর শেড, ইতালিয়ান ক্রেস সিল্ক, ম্যায় হু না, ইতালিয়ান ক্রপ সিল্কের ওপর সুতার কাজ করা শাড়ি ১২ হাজার থেকে ২৬ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ছেলেদের ভারতীয়, চায়না ও থাইল্যান্ডের শার্টের মধ্যে কার্ড স্টোম শার্ট এক হাজার থেকে দুই হাজার ৪০০ টাকা, আরমান শার্ট ৫০০ থেকে এক হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সাধারণ পাঞ্জাবি ৪০০ থেকে ৮০০ টাকায় এবং কারুকাজ করা পাঞ্জাবি, লক্ষেৗ স্টিচ পাঞ্জাবি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে ছয় হাজার টাকায়।খুলনা শপিং কমপ্লেক্স: এখানে তৈরি পোশাক যেমন রয়েছে, তেমনি রয়েছে পোশাক তৈরির কাপড়ের দোকান ও দক্ষ কারিগর। বিক্রেতারা জানান, এখানে ছেলেদের জিনস, ডিজাইন করা শার্ট, টি-শার্ট, ফতুয়া ইত্যাদি বিক্রি খুব বেশি। শহীদ ফেব্রিকস, নিউ কালেকশন, আনন্দ, নয়নাভিরাম ইত্যাদি দোকানসহ এ মার্কেটে বাংলাদেশি, ভারতীয় ও থাইল্যান্ডের জিনস ও শার্টই বেশি। তবে ভারতীয় (মুম্বাই) পোশাকই বেশি চলছে। জিনস ৫৫০ টাকা থেকে আট হাজার টাকা, টি-শার্ট ১৫০ থেকে এক হাজার ২০০ টাকা, শার্ট ৪০০ থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। মেয়েদের অন্যান্য থ্রিপিসের সঙ্গে এখানে রয়েছে রিদিমা, রিভা ও স্টার প্লাস নামে তিন ধরনের নতুন সংগ্রহ। সাড়ে তিন হাজার থেকে শুরু করে সাত হাজার টাকা দামের এ পোশাকগুলোর চাহিদাও বেশ। এখানে মহিলাদের টাঙ্গাইল ও সুতি শাড়ি ৩৫০ থেকে এক হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে ৩০০ থেকে চার হাজার টাকায় বিভিন্ন ধরনের সাধারণ শাড়ির ক্রেতাই বেশি। জলিল টাওয়ার: জলিল টাওয়ারে এসেছে নতুন কাজ করা রাজশাহী সিল্ক, বাটিক, কারচুপি ইত্যাদি শাড়ি। মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কাজ করা থ্রিপিস, স্কার্ট ও ফতুয়া। ছেলেদের টিজি মটকা পাঞ্জাবি, সিল্কের পাঞ্জাবি ও পাকিস্তানি বিভিন্ন ধরনের পাঞ্জাবি। এখানে টিনএজারদের পছন্দের নতুন নতুন রকমারি টি-শার্টও পাওয়া যাচ্ছে।নিক্সন মার্কেট (রেলওয়ে মার্কেট): নিক্সন মার্কেটের দোকান মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সব সময়ের পছন্দের। এখানকার অধিকাংশ পণ্যই দেশি। দাম অনেকটা কম বলে ক্রেতাদের ভিড়ও বেশি। ছেলেদের গেঞ্জির সেট, রংবেরঙের শার্ট, জিনসের প্যান্ট বেশি বিক্রি হচ্ছে। দোকানিরা জানান, শাহরুখ, আমির, হূতিক ইত্যাদি স্টাইলের শার্ট-প্যান্ট এবার বেশি চলছে। ছোট মেয়েদের বাবলি ও মেরি নামের পোশাক এখনো বিক্রির তালিকায় এক নম্বরে রয়েছে। বাবলি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকায়। জর্জেটের স্কার্ট বিক্রি হচ্ছে ৬০০ থেকে তিন হাজার টাকা। চুড়িদার শর্ট কামিজ, রানী মুখার্জি ফ্রক, রানী মুখার্জি শর্ট কামিজ বিক্রি হচ্ছে ৭০০ থেকে এক হাজার ৬০০ টাকায়। বড় বাজার: নতুন পোশাকের পাশাপাশি নতুন গয়নাও চাই। তাই তো নতুন বাজারের সোনাপট্টিতে ভিড় লেগেই রয়েছে। তবে বিক্রেতারা জানান, সোনার দাম বেশি বলে ক্রেতা অনেক কমে গেছে। অনেকে আসছে পুরোনো গয়না পালিশ করাতে, যাতে তা দেখতে নতুনের মতো মনে হয়। এখানে শ্যামা জুয়েলার্স, সানন্দা, রিপা, অনন্য, অনামিকাসহ প্রায় ২৫টি জুয়েলার্স রয়েছে।এক ছাদের নিচে অনেক কিছু: দাম তুলনামূলক একটু বেশি হলেও ঘরের সবার পোশাক, জুতা, গয়না ও অন্যান্য উপহার সামগ্রীর জন্য ‘সেফ অ্যান্ড সেভ’ ও ‘মীনা বাজার’ অনন্য। এখানে বিভিন্ন ব্রান্ডের শার্ট পাওয়া যাচ্ছে ৪৫০ টাকা থেকে দুই হাজার ৮০০ টাকায়। জিনসের প্যান্ট রয়েছে এক হাজার থেকে আট হাজার টাকায়। সুতি, সিল্ক, জামদানি, টাঙ্গাইল, বুটিক, হাতের কাজ করা নানা ধরনের শাড়ি পাওয়া যায় ৮০০ থেকে ৩০ হাজার টাকায়। পুরুষ ও মহিলাদের জুতা রয়েছে ৪৫০ থেকে সাড়ে পাঁচ হাজার টাকায়।এ ছাড়া নগরীর মশিউর রহমান মার্কেট, এশা চেম্বার, রব মার্কেট, হার্ড মেটাল গ্যালারি, চিত্রালি বাজার, দৌলতপুর বাজার ইত্যাদি মার্কেটেও ঈদের বিক্রি জমে উঠেছে বেশ। ক্রেতা-বিক্রেতারা বলেন: গত বুধবার দুপুরে খুলনা নিউমার্কেটে শাড়ি ও পাঞ্জাবি কিনতে আসা মিজানুর রহমান ও খন্দকার অন্তরা দম্পতি জানান, এবার পণ্যের দাম খুব একটা বাড়েনি। ভালো ভালো জিনিসও এসেছে। নিরাপত্তাব্যবস্থাও বেশ ভালো।জলিল টাওয়ারে ঈদের বাজার করতে আসা তিন বোন সঞ্চারী, সঞ্চিতা ও সঞ্চয়িতার সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, ‘এবার তাঁরা শাড়ি কিনবেন। অনেক দোকান দেখা হয়েছে, কয়েকটি শাড়িও পছন্দ হয়েছে। তবে দাম একটু বেশি মনে হচ্ছে। ঠিকমতো দাম হলে আজ কিনব, তা না হলে পরে আবার আসব।’ শাড়ি ছাড়া শাড়ির সঙ্গে মিলিয়ে জুতাও কিনবেন তাঁরা।খুলনা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিসমিল্লাহ ফেব্রিকসের স্বত্বাধিকারী আবুল হাসান বলেন, ‘আমাদের মার্কেটে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা রয়েছে। মার্কেটে পোশাক পরা এবং সিভিলে নিরাপত্তাকর্মীরা কাজ করছেন। বাইরে পুলিশ বা অন্যরা যদি একটু বেশি সতর্ক থাকে, তাহলে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। বেচাকেনা ভালোই চলছে।’