ওয়াকারের উপভোগ-তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আসবেন অধিনায়ক আর ম্যাচের পরে কোচ—এটাকেই যেন নিয়ম বানিয়ে ফেলেছে পাকিস্তান। যথারীতি পরশু ম্যাচ শেষে এলেন ওয়াকার ইউনুস। এমন দুর্দান্ত জয়, গ্রুপের শীর্ষে ওঠা—সব মিলিয়ে উচ্ছ্বাসে রীতিমতো টগবগ করে ফুটছিলেন কয়েকজন পাকিস্তানি সাংবাদিক। পেশাদারির খোলসের ভেতরে তাঁরা তো সমর্থকও! ওয়াকার এসে জল ঢেলে দিলেন সব উচ্ছ্বাসে। হয়তো একটা বার্তা দিয়ে রাখলেন শিষ্যদেরও!‘আমরা যা অর্জন করেছি, এটা অবশ্যই স্মরণীয়। এই জয় আমরা উপভোগ করব, কিন্তু সঙ্গে সঙ্গে ভুলেও যাব। মোটেও ভাবা যাবে না যে আমরা অনেক বড় কিছু করে ফেলেছি। কোয়ার্টার ফাইনালে এই জয়ের কোনো মূল্য নেই।’ ওয়াকারের কণ্ঠে উপমহাদেশের আবেগ নয়, যেন পাশ্চাত্যের পেশাদারি। গত দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার গর্ব করার মতো একটা কীর্তি গড়েই ফেলেছে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বশেষ ৩৬ ম্যাচে পরাজয় দুটি। দুটিই পাকিস্তানের বিপক্ষে!পরশু পাকিস্তানের জয়ে বড় অবদান দুই উমরের। তিন উইকেট নিয়েছেন গুল, প্রয়োজনের সময় দারুণ গুরুত্বপূর্ণ অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা উমর। তবে ওয়াকার কৃতিত্বটা বেশি দিলেন বোলারদের, ‘আমি তো কৃতিত্ব দেব পুরো দলকেই। সবাই অসাধারণ খেলেছে। বিশেষ করে, বোলাররা। উইকেট খুব ট্রিকি ছিল, বল টার্ন করছিল, বাউন্স অসমান ছিল। ব্যাটসম্যানদের কাজটা সহজ ছিল না। তবে ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের কৃতিত্ব বেশি দেব।’গত কয়েক দিন আফ্রিদি বারবার বলে আসছিলেন, অস্ট্রেলিয়াকে হারানোটা খুব দরকার। অস্ট্রেলিয়ার জয়রথ থামানো নয়, চাওয়া ছিল আত্মবিশ্বাস বাড়ানো আর নকআউট পর্বের জন্য বাড়তি রসদ। ওয়াকারের কণ্ঠেও উঠে এল একই কথা, ‘অস্ট্রেলিয়ার মতো দলকে হারালে আত্মবিশ্বাস বাড়তে বাধ্য। সামনের ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাস কাজে লাগবে।’সবশেষে দেশকে শুনিয়েছেন আশার বাণী, ‘দেশের ক্রিকেটে হাজারো বিতর্ক। দেশের মানুষ অনেক দুখী, লড়াই করে বেঁঁচে থাকতে হয় তাদের। এই জয় তাদের জন্য আমাদের ছোট্ট এক উপহার। সামনে আরও বড় উপহার দিতে পারব আশা করি!’