ওয়াকারের ওপেনিং দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিন ম্যাচেই জয়। আনন্দে ভাসছে পাকিস্তান। ভাসবে না কেন? বিশ্বকাপে তাদের চেয়ে ভালো সূচনা করতে পেরেছে খুব কম দলই। কিন্তু তবুও একটা ভালো ‘শুরু’ চান পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। পাকিস্তানের দুই ওপেনারের কাছেই তাঁর এই চাওয়া। কারণ, ওপেনাররা যে ব্যর্থ হয়েছেন তিন ম্যাচেই।১১, ২৮, ১৬... এগুলো কারও ব্যক্তিগত রান নয়। তিন ম্যাচে পাকিস্তানের ওপেনিং জুটি এই রানই উপহার দিয়েছে দলকে। তিন ম্যাচেই দারুণভাবে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ। অথচ বিশ্বকাপের আগে ফর্মে ছিলেন দুজনই। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি আছে দুজনেরই। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ১১৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে ৩২-ই বিশ্বকাপে এখন পর্যন্ত তাঁর সর্বোচ্চ রান। অন্য দুই ম্যাচে দুর্বল কেনিয়া আর কানাডার বিপক্ষেও ৯ আর ১১ রানের বেশি এগোতে পারেননি তিনি।কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখা শেহজাদও সেঞ্চুরি করেছিলেন কিউইদের বিপক্ষে। ১১৫ রানের দুর্দান্ত ইনিংসের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন এই ডানহাতি ওপেনার। কিন্তু দারুণ আশা জাগালেও বিশ্বকাপে একদমই হাসছে না শেহজাদের ব্যাট। তিন ম্যাচে তাঁর রান ১, ১৩ ও ১২। ওপেনারদের এমন বাজে ফর্ম নিয়ে দুশ্চিন্তায় থাকলেও আস্থা হারাচ্ছেন না কোচ ওয়াকার।‘দুই ওপেনারই জানে, তারা এখনো জ্বলে ওঠেনি। তবে আমি অতটা চিন্তিত নই। তাদের টেকনিকে কোনো সমস্যা নেই, বিশ্বকাপের আগেও দারুণ ফর্মে ছিল তারা। আমি নিশ্চিত খুব শিগগিরই ফর্ম ফিরে পাবে তারা।’ বলেছেন ওয়াকার।ব্যাটিং অর্ডারেও কোনো সমস্যা দেখছেন না ওয়াকার। কম রানে ওপেনাররা ফিরে গেলে যেকোনো দলই চাপে পড়ে যায়। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় সে চাপ ভালোই সামাল দিয়েছে ইউনুস খান, মিসবাহ আর উমর আকমলরা। তবে কানাডার বিপক্ষে মিডল অর্ডারও তেমন ভালো করেনি। পাকিস্তানও আটকে গেছে মাত্র ১৮৪ রানে। ৫ উইকেট নিয়ে ব্যাটসম্যানদের ব্যর্থতা ভুলিয়ে দিয়েছেন অধিনায়ক আফ্রিদি। তাঁর দুর্দান্ত বোলিংয়ের কারণেই থামেনি পাকিস্তানের জয়যাত্রা। বোলারদের পারফরম্যান্সে দারুণ খুশি পাকিস্তান কোচ। মনে করছেন, ব্যাটসম্যানদের ভালো সমর্থনই দিচ্ছেন বোলাররা। এই বোলিং নিয়ে যেকোনো দলকেই আটকে দেবে তাঁর দল—এমনই আশা ওয়াকারের। তবে তিন ম্যাচেই আগে ব্যাট করায় রান তাড়া করার চাপটা কতটা সামলাতে পারবে ব্যাটসম্যানরা সেটাও ভাবাচ্ছে তাঁকে।‘তিনটি ম্যাচেই আগে ব্যাট করেছি আমরা। রান তাড়া করাটা তাই কঠিন পরীক্ষাই হবে আমাদের ব্যাটসম্যানদের জন্য। কারণ, রান তাড়া করার পাশাপাশি চাপটাও যুক্ত হবে তখন।’ ওয়াকার একটু যেন শঙ্কিত। তাই আগামী ম্যাচগুলোতে ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো ব্যাটিং চান। শেহজাদ-হাফিজরাও মুখিয়ে আছেন ভালো খেলার জন্য। তা তো থাকবেনই। পাকিস্তানের পরের ম্যাচটি যে নিউজিল্যান্ডের বিপক্ষে! ওয়েবসাইট।