ওয়াকারের রসের হাঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই ভুল যদি কেউ বারবার করে? বলা যায়, বোঝানো যায়, হাতে-কলমে দেখানো যায়, বারবার শোধরানোর চেষ্টা করা যায়। কিন্তু এসবের তো একটা শেষ আছে! এত কিছুর পরও যদি না হয়, তাহলে? কী আর, তামাশা দেখো আর মজা পাও!ওয়াকার ইউনুসের এখন সেই অবস্থা। পাকিস্তান কোচ পরশু সংবাদ সম্মেলনে আসার পর কামরানের উইকেটকিপিং নিয়ে কয়েকটা তীর যেমন ছুটে গেল, তেমনি উঠল বেশ রসাত্মক কিছু প্রশ্নও। প্রশ্ন না বলে টিপ্পনি বলাই ভালো। ওয়াকারও দেখা গেল মোটামুটি রসের হাঁড়ি। হাসলেন, হাসালেন। শিষ্যকে বাঁঁচানোর চেষ্টা করলেন, কিন্তু এই বাঁচানোর চেষ্টাটা সবাই বুঝতে পারছে দেখে যেন খুব মজাও পেলেন। ‘সিনিয়র’ আকমলের কিপিং যা-ই হোক, এর সৌজন্যে ওয়াকারের রসবোধের পরিচয় অন্তত পাওয়া গেল!দু-একটা উদাহরণ দেওয়া যেতে পারে। কামরানের কিপিং দেখে একজনের মাইকেল জ্যাকসনের কথা মনে পড়ে গেছে, দুজনেই নাকি গ্লাভস পরে শুধু নাচেন। ওয়াকার কি কোনো পার্থক্য দেখেন? আইসিসির মিডিয়া ম্যানেজার বললেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। ‘না, না, অবশ্যই আমি উত্তর দেব’ বলে পার্থক্যটা জানিয়ে দিলেন পাকিস্তান কোচ, ‘পার্থক্য হলো একজন মৃত, আরেকজন জীবিত!’ ‘কিপিংয়ে কি পরিবর্তনের সম্ভাবনা আছে?’—অবধারিত এই প্রশ্নটার উত্তর, ‘বিশ্বকাপ তো মনে হয় এখনো চলছে, ভাবনাটা পরের জন্য রাখলে কেমন হয়!’কামরান নিয়ে প্রশ্ন তবু শেষ হয় না। ক্যাচ মিসের কোনো রেকর্ড সাধারণত রাখা হয় না। এক পাকিস্তানি সাংবাদিক তবু ওয়াকারকে জানালেন, কামরানের নাকি ক্যাচ মিসের সেঞ্চুরি হতে চলল বলে! নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে কিপিং বেশ ভালো করেছিলেন উমর আকমল। তাঁর হাতে আবারও কিপিং গ্লাভস দেওয়া যায় কি না, এই প্রসঙ্গও উঠল। এবার সিরিয়াস ওয়াকার, ‘দেখুন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। কামরানের আজ খারাপ দিন ছিল, ক্রিকেটে এমনটা হতেই পারে।’ কিন্তু কামরানের ভালো দিন আসে কবে? সহজ ক্যাচগুলো ছেড়ে দেওয়ার কঠিন কাজটা ব্যাখ্যাতীতভাবে যে নিয়মিতই করে আসছেন কামরান! ওয়াকার এবার শুধু হাসেন, যে হাসিতে ফুটে ওঠে অসহায়ত্বও, যেন বলতে চাইছেন ‘আমি আর কী করতে পারি!’কামরান ছেড়ে অন্য প্রসঙ্গে যাওয়া যাক। রাজ্জাকের মতো ব্যাটসম্যানকে খেলানো হচ্ছে ৮ নম্বরে, নিরাপদ পথে হেঁটে পাকিস্তান কি বোলার একজন কম খেলাচ্ছে? ‘১৩০ রানে আমাদের ৭-৮ উইকেট পড়ে যাচ্ছে, আমার তো মনে হয়, আমাদের ব্যাটসম্যান একজন কম আছে!’ টানা দুই ম্যাচে দুই শর নিচে অলআউট হওয়ার প্রসঙ্গ উঠতে নিজেই বললেন, ‘ওইভাবে দেখলে মনে হবে আমাদের ব্যাটিংয়ে সমস্যা, বোলিংয়ে সমস্যা, ফিল্ডিংয়েও সমস্যা। আগামী ম্যাচের আগে ৫ দিন সময় আছে, প্র্যাকটিসের চেয়ে কথা বলাটা জরুরি।’কোয়ার্টার ফাইনাল অনেকটা নিশ্চিত বলেই হয়তো হারের পরও মজা করার মুডে ছিলেন ওয়াকার। তবে পারফরম্যান্সে উন্নতি না হলে এই মুড কত দিন থাকবে, কে জানে!