ওয়াকারের ‘বিশ্বসেরা’ পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাকিস্তানের সংবাদ সম্মেলনে আসবেন কোচ ওয়াকার ইউনুস’ —আইসিসি মিডিয়া ম্যানেজারের এই ঘোষণা শুনেই সংবাদ সম্মেলনে গুঞ্জন, মৃদু হাসির রোল। খেলোয়াড়ি জীবনে হয়তো ব্যাটসম্যানদের আতঙ্ক ছিলেন, কিন্তু সাংবাদিকদের কাছে কোচ ওয়াকার মানে নির্মল বিনোদন। গুরুত্বপূর্ণ কথা থাকবে, যুক্তি থাকবে, তবে প্রায় সবই হাস্যরসের মোড়কে।পরশু শুরু হলো অবশ্য একটু গুরুগম্ভীরভাবে। ১৯৯৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোল পাকিস্তান। ২০০৩ বিশ্বকাপে এই ওয়াকারের নেতৃত্বাধীন পাকিস্তান গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল, পরের বিশ্বকাপে ইনজামামের নেতৃত্বে। শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর একটি টানা দুই বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ, ব্যাপারটা হয়তো আহত করেছিল ওয়াকারকে। এবার শেষ আট নিশ্চিত করার দিনে আনন্দ বা স্বস্তি নয়, ওয়াকার বড় অর্জনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ, ‘গত দুই বিশ্বকাপে আমরা খারাপ করেছি। কিন্তু পাকিস্তান যে মানের দল, তাতে এবার কোয়ার্টার ফাইনালে পৌঁছানো প্রত্যাশিতই ছিল। ছিল, কিন্তু এতেই সন্তুষ্ট হওয়া যাবে না। আসল খেলা এখনই শুরু। স্নায়ুর লড়াই, চাপের লড়াই। এই লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’উমর আকমলের প্রসঙ্গ আসতেই অবশ্য ‘ফর্মে’ ওয়াকার। ছোট আকমলকে পরশু খেলানো হয়নি। অথচ ম্যাচের আগের দিন অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছিলেন, উমর পুরোপুরি ফিট এবং জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছেন। শুনে যেন আকাশ থেকে পড়লেন ওয়াকার, ‘ফিট? আমি যত দূর জানি, আগে ওর চোট ছিল একটা, এখন দু-তিনটে। আঙুল এখনো ফুলে আছে। কাল আবার চোট পেয়েছে গোড়ালিতে।’ আর শোয়েবকে বাদ দেওয়া? ‘ভুলে যাবেন না, ওর বয়স এখন ২৩ নয়। ওকে অনেক সাবধানে দলের প্রয়োজনমতো আমাদের ব্যবহার করতে হবে।’শুধু গ্রুপ পর্ব পেরোনোই নয়, ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালের পর এই প্রথম বিশ্বকাপে রান তাড়া করে জিতল পাকিস্তান। প্রশ্নকর্তার মুখের কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে ওয়াকারের উত্তর, ‘কী উত্তর দেব, আমি তো জানতামই না, আমরা রান তাড়া-টাড়া করে জিতিনি। যাহোক, জিতলাম যখন, ভালোই হলো। আত্মবিশ্বাস বাড়বে ছেলেদের।’শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো, এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পরও পাকিস্তানের পারফরম্যান্সে ফাঁক-ফোকর পাওয়া গেল অনেক। দার্শনিকতা মাখা উত্তরে ওয়াকার শোনালেন আশার গল্প, ‘দেখুন, মানুষের ভুল হবেই। সেটা ক্রিকেটেও যেমন, তেমনি জীবনেও। ভুল না হলে খেলাই হবে না। গুরুত্বপূর্ণ হলো, ভুল থেকে কে কতটা শিখতে পারে। যেমন—কামরান আগের ম্যাচে ক্যাচ ড্রপ করেছে, আজ কিন্তু সে কিপিং ভালো করেছে। উমর গুল ভালো করছিল না, এখন ভালো করল। আল্লাহ চায় তো সামনে ভুল আরও কম হবে।’কিন্তু পরের ম্যাচের প্রতিপক্ষ যে অস্ট্রেলিয়া? ‘তো কী, আমার কাছে পাকিস্তান বিশ্বসেরা দল। অন্যরা হয়তো মানবে না, তাতে আমার কোনো সমস্যা নেই। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরাই সেরা।’ ওয়াকারের সপাট উত্তর।এই না হলে কোচ!