ওয়াক্ফ সম্পত্তি থেকে বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার হজরত খাজা কালু শাহ (রহ.)-এর মাজার-মসজিদ ওয়াক্ফ এস্টেটটি দীর্ঘদিন ধরে মোতোয়ালিদের মাধ্যমে বংশানুক্রমে পরিচালিত হয়ে আসছিল। সর্বশেষ এই সম্পত্তির মোতোয়ালি ছিলেন খন্দকার সিরাজউদ্দৌলা। এরই মধ্যে খন্দকার সিরাজউদ্দৌলা অসুস্থ হয়ে পড়লে তিনি তাঁর দুই ভাতিজা খন্দকার মো. আলী ও খন্দকার শওকত আলীকে এই সম্পত্তির ভোগদখলের অধিকার দিয়ে দেন। তিনি তাঁদের নামে ওসিয়তনামাও করেন। কিন্তু এই সম্পত্তি ভোগদখলের উদ্দেশ্যে আবদুল কুদ্দুছ নামের এক ব্যক্তি হঠাৎ নিজেকে ওই এস্টেটের কথিত একটি কমিটির সেক্রেটারি দাবি করে মোতোয়ালির বিরুদ্ধে ওয়াক্ফ প্রশাসনে মামলা করেন, কিন্তু মামলায় আবদুল কুদ্দুস হেরে যান। থানা প্রশাসন ও ওয়াক্ফ প্রশাসন মামলা চলার অজুহাত দেখিয়ে ওই সম্পত্তি দেখাশোনা করতে দুই বছরের জন্য একটি কমিটি গঠন করে দেয়। এদিকে নিম্ন আদালতের একটি মামলার রায় প্রথমে মোতোয়ালিদের পক্ষে এবং অন্য একটির রায় আবদুল কুদ্দুছের পক্ষে যায়। আবদুল কুদ্দুস তখন এ দুই মোতোয়ালির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট নিম্ন আদালতের মামলার রায়কে বিতর্কিত ও আইনপরিপন্থী উল্লেখ করে খন্দকার মো. আলী ও খন্দকার শওকত আলীকে বংশধর মোতোয়ালি হিসেবে বহাল করে রুল জারি করেন এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে রায় দেন। এরই মধ্যে মারা যান মূল মোতোয়ালি খন্দকার সিরাজউদ্দৌলা এবং মামলা পরিচালনাকারী আবদুল কুদ্দুছ। প্রশাসনের গঠন করা কমিটির এক সদস্যের নামও সিরাজউদ্দৌলা। ওই সিরাজউদ্দৌলাও নিজেকে ওই সম্পত্তির মোতোয়ালি দাবি করে মূল মোতোয়ালিদের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে থাকেন। তিনি ও তাঁর কমিটির সদস্যরা হাইকোর্টের দেওয়া রুলের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেও হেরে যান। তার পরও তাঁরা সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্ট খন্দকার মো. আলী ও খন্দকার শওকত আলীকে ওই সম্পত্তির প্রকৃত মোতোয়ালি সাব্যস্ত করে তাঁদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার আদেশ দেন।সুপ্রিম কোর্টের আদেশের দুই বছর পার হয়ে গেলেও মসজিদ ও কালু শাহ মাজার ওয়াক্ফ সম্পত্তির মোতোয়ালি খন্দকার মো. আলী ও খন্দকার শওকত আলী বাংলাদেশ ওয়াক্ফ অফিস ও ওয়াক্ফ প্রশাসক বারবার দরখাস্ত দিয়ে বিষয়টি অবহিত করেও আশানুরূপ ফল পাননি। টাকার লোভে তাঁদের এস্টেট দখলের চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। মোতোয়ালি খন্দকার মো. আলী ও খন্দকার শওকত আলীর এখন একটাই দাবি, আদালতের রায় অনুযায়ী বংশধর মোতোয়ালি হিসেবে এস্টেটের পরিচালনার দায়িত্ব যেন তাঁরা পান, কমিটির কথিত সদস্য হয়ে যেন আর না থাকতে হয় তাঁদের। এ বিষয়ে ওয়াক্ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন, তাই কোনো সিদ্ধান্ত এখন নেওয়া সম্ভব হচ্ছে না।’