ওয়াটার বাস চালু হচ্ছে আজ, টিকে থাকা নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালে চারদলীয় জোট সরকারের আমলে ঢাকার চারপাশে চালু করা হয়েছিল বৃত্তাকার নৌপথ। কিন্তু নিয়মিত খননের অভাবে নদীতে নাব্যতা না থাকাসহ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে পৌনে দুই মাসের মধ্যে প্রথম দফায় ওই পথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। নাব্যতা রক্ষা না করলে সদরঘাট-গাবতলী নৌপথে নিয়মিতভাবে ‘ওয়াটার বাস’ চালু থাকাও অনিশ্চিত হয়ে যাবে বলে সংশয় প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দায়িত্বশীল সূত্র। আজ শনিবার সকালে চালু হচ্ছে ওয়াটার বাস।বৃত্তাকার নৌপথ প্রকল্পে শুরুতে ৩৬ কোটি টাকা ব্যয় হয়েছিল। বিআইডব্লিউটিএর হিসাব থেকে জানা যায়, এর মধ্যে নদীখননে ব্যয় হয়েছিল আড়াই কোটি টাকা। কিন্তু নিয়মিত খনন না করায় লঞ্চ চলাচল ব্যাহত হয়। এ কারণে দু-একজন বেসরকারি উদ্যেক্তা এগিয়ে এসেও পরে তাঁদের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিলেন। এ দৃষ্টান্ত তুলে ধরে সূত্র জানায়, এবারও নিয়মিত নদী খনন না করলে ওয়াটার বাস প্রকল্পেও বেসরকারি উদ্যোক্তারা আসবেন না।২০০৫ সালের ৩ মার্চ বৃত্তাকার নৌপথ প্রকল্পের প্রথম পর্যায় সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার নৌপথ উদ্বোধন করা হয়েছিল আড়ম্বরপূর্ণভাবে। সূত্র জানায়, উদ্বোধনের দিনই খরচ হয়েছিল পাঁচ লাখ টাকা। সড়কপথের যানজট এড়িয়ে বিকল্প পথে যাত্রী ও পণ্য পরিবহন এবং নগরবাসীর বিনোদনের জন্য চালু করা হয়েছিল নৌপথটি। এবার একই উদ্দেশ্যে কেবল যাত্রী সাধারণের জন্য ওয়াটার বাস চালু করা হচ্ছে। এ জন্যও ব্যয় হচ্ছে অনেক টাকা।বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বৃত্তাকার নৌপথে প্রথমে কোনো বেসরকারি সংস্থাই লঞ্চ চালাতে রাজি হয়নি। পরে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর অনুরোধে এটলাস গ্রুপ তাদের বিলাসবহুল লঞ্চ ‘এটলাস সান’ চালায়। এ ছাড়া চলাচল করেছিল পর্যটন করপোরেশনের লঞ্চ ‘শালুক’। প্রথমে এটলাস সানের এবং পরে শালুকের চলাচল বন্ধ হয়। বর্তমানে ওই পথে ঝুঁকি নিয়ে চলছে বেসরকারি কার্গো (পণ্যবাহী নৌযান)।এটলাস সানের চলাচল বন্ধ হওয়া প্রসঙ্গে এটলাস গ্রুপের পরিচালক শেখ মাহফুজ হামিদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, এটলাস নতুন কাজে সহযোগিতার জন্য এগিয়ে গেলেও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে ওই উত্সাহে ভাটা পড়ে। এই নৌপথে নিচু সেতু থাকায় এবং নদী ব্যাপক খনন না করায় লঞ্চটি ফিরিয়ে নিতে হয়।বৃত্তাকার নৌপথে লঞ্চ চালু করার আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত চালু না করা কয়েকজন লঞ্চমালিক জানান, এখানে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। ওয়াটার বাসের ক্ষেত্রে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা থাকলেই বেসরকারি মালিকেরা এগিয়ে আসবেন।তবে বিআইডব্লিউটিএর সূত্রের দাবি, বৃত্তাকার নৌপথের দ্বিতীয় পর্যায়ের ১৩০ কোটি টাকার কাজসহ পুরো প্রকল্পের ২৯৪ কোটি টাকার কাজ শেষ হলে প্রথম পর্যায়ের সীমাবদ্ধতা অনেকটা কেটে যাবে। নৌপথ সম্প্রসারিত হবে ডেমরা পর্যন্ত। তবে এ পথে লঞ্চের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নদীর ওপর থাকা ছয়টি সেতু উঁচু করতে হবে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, বৃত্তাকার নৌপথের দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পূর্ণ হলে এর সুফল পাওয়া যাবে। নদী খননের বিষয়টিও এর মধ্যে আছে। এতে ওয়াটার বাস চলাচলে সুবিধা হবে। এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর এবং এলজিইডির সঙ্গে সমন্বয় করে বৃত্তাকার নৌপথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সেতুগুলোও উঁচু করার কাজ করা হবে। এসব করা হলে লঞ্চ চালাতে বেসরকারি উদ্যোক্তারাও এগিয়ে আসবেন। তিনি বলেন, আপাতত দুটি ওয়াটার বাস চলবে। জনপ্রিয়তা পেলে আরও কয়েকটি নামানো হবে।ওয়াটার বাসের উদ্বোধন আজ: বিআইডব্লিউটিসির উদ্যোগে আজ থেকে সদরঘাট-গাবতলী নৌপথে যাত্রীবাহী ওয়াটার বাস সার্ভিস চালু হচ্ছে। নৌপরিবহনমন্ত্রী সকাল ১০টায় গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে এ সার্ভিসের উদ্বোধন করবেন।‘তুরাগ’ ও ‘বুড়িগঙ্গা’ নামের দুটি ওয়াটার বাস প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেড় ঘণ্টা পর পর সদরঘাট-সোয়ারীঘাট-খোলামুড়া-গাবতলী নৌপথে চলাচল করবে। ৩৮.৩৮ ফুট দৈর্ঘ্য ও ১১.৪৮ ফুট প্রস্থের প্রতিটি বাসে আসন আছে ৩৫টি। বাস দুটি ঘণ্টায় ২২.৪৮ কিলোমিটার বা ১২ নটিক্যাল মাইল বেগে চলতে পারবে। সদরঘাট থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরত্বের গাবতলী ল্যান্ডিং স্টেশনে যেতে এই বাসের লাগবে প্রায় ৫০ মিনিট। সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ৩০ টাকা।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই জলযান দুটি তৈরিতে খরচ হয়েছে এক কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। জলযান দুটির নকশাবিদ মো. আমিনুল ইমলাম বলেন, জলযান দুটির সবই দেশীয়, শুধু ডিজেলচালিত ইঞ্জিন আনা হয়েছে যুক্তরাজ্য থেকে।