ওয়াটার বাসে বুড়িগঙ্গা ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার দুপুর সাড়ে ১২টা। সদরঘাটের সিমসনঘাট টোলকেন্দ্রের পাশের একটি ছাউনিতে বসে আছে জনা ত্রিশেক যাত্রী। গায়ে নতুন পোশাক দেখে অবশ্য বোঝা যায়, তাদের কেউই নিয়মিত যাত্রী নয়; ঈদের আমেজে নৌভ্রমণই মূল উদ্দেশ্য। সবাই অপেক্ষায় আছে ঘাটে বিআইডব্লিউটিসির নতুন ওয়াটার বাস ভেড়ার। তাদের আশা, ভরা বুড়িগঙ্গায় ওয়াটার বাসে চেপে গাবতলী পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতাটা সুখকরই হবে।কিন্তু ওয়াটার বাসের জন্য অপেক্ষার প্রহর যেন কাটেই না। অনেক খুঁজেও ছাউনিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কোনো কর্মীকে পাওয়া গেল না। পাশে টোলকেন্দ্রের টোল ওঠানো লোকগুলোও ওয়াটার বাসের আসার সময় সম্পর্কে পরিষ্কার করে কিছু বলতে পারছেন না। ঘাটে যাত্রী পারাপারে প্রতিযোগিতারত নৌকার মাঝিদের ব্যঙ্গোক্তি শুনলে তো আশঙ্কায়ই পড়তে হয়। ওয়াটার বাসের আসার নাকি নির্দিষ্ট কোনো সময়সূচি নেই। বসে বসে বিরক্ত হয়ে এরই মধ্যে সপরিবারে আসা অনেকে নৌকা বা ট্রলার ভাড়া করে ঘুরতে চলে গেল। ছাউনির আসনগুলো অবশ্য খালি থাকছে না। ওয়াটার বাসে চড়ার জন্য আগ্রহী যাত্রীরা আসছে একটু পরপরই। অবশেষে ওয়াটার বাসের সাইরেনের শব্দ পাওয়া গেল বেলা দুইটা বাজার পাঁচ মিনিট আগে। যারা ধৈর্য ধরে দেড় ঘণ্টা বসে আছে আর যারা সবেমাত্র এল, তারা সবাই বাসে ওঠার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে গেল। কিন্তু বাসে সিট কেবল ৩৫টি। সিট ভরার পর ছাদে উঠে গেল উৎসাহী অনেকে। বাকিরা পরের বাসে ওঠার জন্য আরও দেড় ঘণ্টা অপেক্ষা করবে বলে মনে হয় না।ধৈর্য ধরে অপেক্ষায় থাকার ফল মিলল পরক্ষণেই। ঘাটে ভিড়ে থাকা বড় লঞ্চগুলোকে পাশ কাটিয়ে যাত্রা শুরু করতেই ডান তীরের পাশে গোলাপি রঙে রাঙানো আহসান মঞ্জিল চোখ কাড়ল। বৃষ্টির এ মৌসুমে বুড়িগঙ্গার এই অংশটা এখন দুর্গন্ধমুক্ত। নদীর তীরের ঘাটগুলোতে লোকজন তাই নিশ্চিন্তেই গোসল করছে।নদীতে কচুরিপানাও কম নয়। ছোটখাটো ওয়াটার বাসের সামনে কচুরিপানা আটকে যাওয়ায় কর্মীদের কসরত করতে হলো তা ছোটাতে। নদীতে মাছ ধরার দৃশ্য প্রথম দিকে চোখে পড়ে না। কামরাঙ্গীরচর পেরিয়ে রায়েরবাজারের কাছে পৌঁছালে অবশ্য নদীতে প্রাণের অস্তিত্ব মেলে। তীরে মাছ ধরার কয়েকটি জাল পাতা রয়েছে। আর সূর্যের আলোর ঝিলিক সয়ে পানিতে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে চকিত পানির ওপর মাথা তোলা শুশুকও চোখে পড়ে। তবে রায়েরবাজার বধ্যভূমির পাশে বালুমাটি ফেলে নদী দখলের মহোৎসব দেখলে মন খারাপ হতে বাধ্য।সদরঘাট থেকে যাত্রা শুরু করে গাবতলীতে পৌঁছানোর আগে মাঝে সোয়ারীঘাট ও খোলামুড়া ঘাটে ভেড়ার কথা ওয়াটার বাসের। কিন্তু যাত্রীদের সবাই সরাসরি গাবতলীর ৩০ টাকার টিকিট কাটায় ওই দুটি ঘাটে তরী ভিড়লই না। ওই দুটি ঘাটে কেউ অপেক্ষায় আছে কি না, তা জানার গরজও দেখালেন না ওয়াটার বাসের কর্মীরা। ঘাট দুটিতেও যে যাত্রীরা অপেক্ষায় থাকে, তা বোঝা গেল ফেরার সময়। ওয়াটার বাসের কর্মীদের আপত্তি সত্ত্বেও গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে খোলামুড়া ও সোয়ারীঘাটের যাত্রী ওঠায় বাধ্য হয়েই ঘাট দুটিতে বাস থামাতে হলো চালকের। এ সুযোগে ওঠার সুযোগ পেল সেখানে অপেক্ষায় থাকা সৌভাগ্যবান যাত্রীরা।কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেল, এখন দুটি ওয়াটার বাস পরীক্ষামূলকভাবে চলছে প্রতিদিন সকাল সাতটা থেকে দেড় ঘণ্টা পরপর। সব সময়ই যাত্রীতে ভরপুর থাকে বাস দুটি। তিন-চার মাসের মধ্যে আরও কয়েকটি ওয়াটার বাস বুড়িগঙ্গায় নামতে পারে। তখন আরও ঘন ঘন ওয়াটার বাস ছেড়ে যাবে।তবে এই ভরা বুড়িগঙ্গায় নৌভ্রমণের আমেজ পেতে হলে সে অপেক্ষায় থাকলে চলবে না। অপেক্ষার কষ্টটা সহ্য করতে পারলে ওয়াটার বাসে নৌযাত্রার সোয়া ঘণ্টা সময়টা দারুণ কাটবে।