ওয়াটার বোর্ডিংয়ের আরেক তথ্য
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উত্খাতে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ছিল বেশ সক্রিয়। যুক্তরাষ্ট্রে নয়-এগারো সন্ত্রাসী হামলার পর একই গোষ্ঠী গাদ্দাফিবিরোধীদের আটক, নির্যাতন ও লিবিয়ার হাতে তুলে দিয়ে প্রয়াত ওই স্বৈরশাসকের সহযোগীর ভূমিকা পালন করেছে।আজ বৃহস্পতিবার প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে নয়-এগারোর সন্ত্রাসী হামলার পর ২০০৩ সালের দিকে আফগানিস্তানে মার্কিন বাহিনীর হাতে বেশ কজন সন্দেহভাজন গাদ্দাফিবিরোধী আটক হয়। তাদের ওপর মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা ‘ওয়াটার বোর্ডিং’ কৌশল প্রয়োগ করে। বিশেষ কায়দায় পানি প্রয়োগের মাধ্যমে শ্বাসরোধ করে বন্দীর কাছ থেকে তথ্য আদায়ের অমানবিক কৌশল এটি।হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, ২০১১ সালে গাদ্দাফিবিরোধী আন্দোলনের সময় তারা এমন কিছু প্রমাণ সংগ্রহ করেছে, যাতে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশের বাহিনী আফগানিস্তানে সন্দেহের বশে লিবিয়ার সাবেক স্বৈরশাসক গাদ্দাফিবিরোধীদের আটক করে। জোর করে লিবিয়ায় পাঠানোর আগে তাদের ওপর ওয়াটার বোর্ডিং কৌশলে নির্যাতন করা হয়।মানবাধিকার সংস্থাটির দাবি, তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাত্কার নেওয়া হয়েছে।তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা তাঁদের এমন দ্বৈতভূমিকার বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন।