ওয়ানডে মর্যাদা পেল বাংলাদেশের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের শীর্ষ ১০ দলের মধ্যে ঢুকে পড়েছে বাংলাদেশ। আরও নির্দিষ্ট করে বললে, বাংলাদেশের মহিলা ক্রিকেট দল এখন ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দল। গতকাল বিকেএসপিতে বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কমপক্ষে ষষ্ঠ স্থান নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচে জিতলে বাংলাদেশ পঞ্চমই হয়ে যাবে। সে ম্যাচে যা-ই হোক, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা পাওয়া নিশ্চিত হয়ে গেছে কালকের জয়ে। কিন্তু ছেলেদের ক্রিকেটের সঙ্গে মেয়েদের ক্রিকেটে এই ক্ষেত্রে বড় একটা পার্থক্য আছে। এখানে ওয়ানডে বা টি-টোয়েন্টি মর্যাদা শুধু পেলেই হবে না, সেটা ধরে রাখাটাও একটা ব্যাপার।মর্যাদা ধরে রাখার প্রথম শর্ত হলো, বাংলাদেশ দলকে এখন থেকে প্রতি ১২ মাসের চক্রে কমপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অবশ্যই খেলতে হবে। যেহেতু মহিলা ক্রিকেটের জন্য আইসিসি এখনো ভবিষ্যৎ সফর পরিকল্পনা করেনি, অন্য দেশের বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সিরিজ খেলে বা টুর্নামেন্টে অংশ নিয়ে এই ম্যাচগুলো খেলার ব্যবস্থা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই। প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলতে খুব বেশি অপেক্ষাও করতে হচ্ছে না বাংলাদেশের মেয়েদের। ওয়ানডে মর্যাদা নিশ্চিত হয়ে যাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকালের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচটিই হবে বাংলাদেশ মহিলা দলের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।তবে শুধু ন্যূনতম ৩টি করে ম্যাচ খেললেই হবে না। ওয়ানডে মর্যাদা ধরে রাখতে হলে এসব ম্যাচে পারফরম্যান্সও ভালো হতে হবে। ২০১৭ মহিলা বিশ্বকাপের আগে অনুষ্ঠেয় পরবর্তী বাছাইপর্বের ফলের ওপর নির্ভর করবে এই মর্যাদা বজায় থাকা। এবার যেমন প্রথম ছয় দলের মধ্যে থাকতে না পেরে এই মর্যাদা হারাল হল্যান্ড।মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ ছাড়া ওয়ানডে মর্যাদা আছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের।