ওয়ানডে সিরিজেও নতুন কিছুর আশা
বিরানভূমির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশাল এক স্টেডিয়াম। আশপাশে জঙ্গল আর বিস্তীর্ণ জলাভূমি। ত্রিশ-পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে ভালো কোনো হোটেল-টোটেলও নেই। দুই দলের আবাস গ্র্যান্ড উদাওয়ালে সাফারি রিসোর্ট থেকে মাঠে যেতে লেগে যায় পৌনে এক ঘণ্টার মতো।যাত্রাপথটা অবশ্য খুব ক্লান্তিকর নয়। অনেকটা পথ পাশে থাকে ঘন জঙ্গল। উদাওয়ালে ন্যাশনাল পার্ক। অন্য জীবজন্তুও আছে, পাখি তো অবশ্যই, তবে এটির সংখ্যাগুরু বাসিন্দা হলো হাতি। আনুমানিক আড়াই শ হাতির অভয়ারণ্যই এখানে টেনে নিয়ে আসে পর্যটকদের।মুশফিকুর রহিম খুব প্রকৃতিপ্রেমী বলে কোনো তথ্য জানা নেই। যদি তা হতেনও, দুই পাশের প্রকৃতিতে মুগ্ধ হওয়ার অবকাশ পেতেন কি না সন্দেহ! মাথার ওপর যখন অধিনায়কত্বের বোঝা, মনে যে তখন হাজারো চিন্তার আনাগোনা। প্রকৃতিতে ভাবাচ্ছন্ন হওয়ার সুযোগ কোথায়!অধিনায়কত্ব পাওয়ার পর মুশফিকুর রহিম যা যা করেছেন, তার মধ্যে অগ্রগণ্য হলো, দল হিসেবে কী অর্জন করতে চান, সেটি সতীর্থদের পরিষ্কার বুঝিয়ে দেওয়া। নতুন বছরে প্রথম ওয়ানডে সিরিজের আগে যেমন সবাইকে মনে করিয়ে দিয়েছেন, দেশে বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে রেকর্ড খুব ভালো হলেও দেশের বাইরে সাফল্য বলতে কিছু নেই। বছর শুরুর আগেই নাকি এই ইতিহাস নতুন করে লেখার লক্ষ্যটা ঠিক করে নিয়েছেন।সেটি করার জন্য শ্রীলঙ্কা কতটা আদর্শ, সেই প্রশ্ন উঠতেই পারে। এখানে যে বাংলাদেশের সাফল্য বলতে কিছু নেই। টেস্ট ও ওয়ানডে দুটিকেই বিবেচনায় নেন, তাহলে অবশ্য ‘কিছু নেই’ না বলে ‘কিছু ছিল না’ বলাটা ভালো। টেস্ট সিরিজ হারলেও গলের ড্র তো শ্রীলঙ্কায় নতুন ইতিহাসই।সেই অনুপ্রেরণা আছে। সঙ্গে আছে ওয়ানডেতে সাম্প্রতিক সাফল্যের সুখস্মৃতি। দুই দলের ওয়ানডে রেকর্ড শ্রীলঙ্কার পক্ষে ২৭-৩। কিন্তু প্রশ্ন যদি হয়, সর্বশেষ ম্যাচটায় কে জিতেছে—উত্তর ‘বাংলাদেশ।’ ভারতকে হারিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন, শ্রীলঙ্কাকে হারিয়েই পা রাখা এশিয়া কাপের ফাইনালে। সেই সাফল্যের বর্ষপূর্তি হলো তিন দিন আগে।প্রশ্ন যদি এটাও হয় যে বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে জয়ী দলের নাম কী, উত্তরটা এখানেও ‘বাংলাদেশ’। এশিয়া কাপে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ জয়। যেটির কল্যাণে সর্বশেষ ৮টি ওয়ানডেতে বাংলাদেশের ৫টি জয়।কিন্তু মুশফিকুর রহিম যেমন মনে করিয়ে দিলেন, এই সাফল্য তো দেশের মাঠে। পরিচিত মাঠ, চেনা উইকেট, দর্শকদের অকুণ্ঠ সমর্থন—এই ত্রয়ী এখানে বাংলাদেশের নয়, প্রতিপক্ষের সুবিধার নাম। প্রেসিডেন্টের নিজের এলাকা, এই বিরানভূমিতে ক্রিকেট স্টেডিয়ামও তাঁরই উদ্যোগে। সেটি নিয়ে যেন কারও মনে সন্দেহ না থাকে, তা নিশ্চিত করতে স্টেডিয়ামের নামও তাঁর নামেই—মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক স্টেডিয়াম। দৈর্ঘ্যে ও প্রস্থে ১০০ মিটারের যে মাঠ ক্রিকেট-বিশ্বেই সবচেয়ে বড়। সীমানা নির্দেশক রশিটা উইকেট থেকে কত মিটার দূরে থাকে, সেটিও আজ একটা কৌতূহলের ব্যাপার। ২০১১ বিশ্বকাপ সামনে রেখে নির্মিত এই স্টেডিয়ামে শ্রীলঙ্কা বছর দুয়েকের মধ্যেই ৭টি ওয়ানডে খেলে ফেলেছে। টি-টোয়েন্টিও খেলেছে অনেকগুলো। যেখানে বাংলাদেশ দলের কাছে এই মাঠ একেবারেই অচেনা। এই মাঠে ৮টি ওয়ানডেতে ৩টি তিন শ রানের ইনিংস আছে। আরও দুটি আছে প্রায় তিন শ (২৮৬ ও ২৯৩)। তবে মুশফিকুরের মনে হচ্ছে, এখানকার উইকেট পেসারবান্ধবই হবে। বিশেষ করে দিবারাত্রির ম্যাচে রাতের বেলায় দুই প্রান্ত থেকেই নতুন বল কিছু না-কিছু করবেই। ঐতিহ্যগত স্পিননির্ভর দলের অধিনায়ক তাই ভালো করার সম্ভাবনাটা মিলিয়ে দিচ্ছেন পেসারদের ভালো করার সঙ্গে, ‘আশা করি, পেসাররা ভালো একটা শুরু করে দিতে পারবে। এই সিরিজে পেসাররা হবে খুব গুরুত্বপূর্ণ।’ওয়ানডেতে বাংলাদেশের পেস আক্রমণের নেতা মাশরাফি বিন মুর্তজা যে নেই, এটা মনে করিয়ে দিলেন মুশফিকুর। তাতিয়ে দিতে চাইলেন অন্য পেসারদেরও, ‘আশা করি, পেসাররা তাদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবে।’ কিন্তু বাংলাদেশ দলে পেসার বলতেই তো দুজন! এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বোলিংয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন নাজমুল হোসেন (৩/৩২)। ওয়ানডে সিরিজ খেলতে এসে তা শুরুর আগেই তাঁর দেশে ফেরার টিকিট কাটতে হয়েছে। হাঁটুর পুরোনো চোটে আবারও লেগেছে। জিয়াউর রহমানের অলরাউন্ড সামর্থ্যকে বাদ দিলে দলে তাই এখন মাত্র দুজন পেসার—রুবেল হোসেন ও আবুল হাসান।হাম্বানটোটার উইকেট পেসারবান্ধব মনে হচ্ছে মুশফিকুরের। তৃতীয় ওয়ানডের ভেন্যু পাল্লেকেলের ইতিহাসও সে রকমই। দল নির্বাচন নিয়ে প্রশ্নটা তাই উঠছেই—ওয়ানডে সিরিজে তাহলে কেন তিনজন স্পিনার?এসব প্রশ্নের যোগফল, কাল রাত পর্যন্ত বাংলাদেশের একাদশ চূড়ান্ত না হওয়া। দিবারাত্রির ম্যাচে এমন হতেই পারে, তবে সংবাদ সম্মেলনে মুশফিকুর কিন্তু জানিয়ে দিয়েছিলেন, অনুশীলন শেষেই চূড়ান্ত হয়ে যাবে পরদিনের একাদশ!শেষ পর্যন্ত একাদশ যা-ই হোক, মুশফিকুর রহিম এটাও ঘোষণা করে দিলেন যে প্রতিটা ম্যাচেই বাংলাদেশ জয়ের লক্ষ্য নিয়েই নামবে। সিরিজ জয়ের স্বপ্নটাকেও যে আকাশকুসুম কিছু ভাবছেন না, ঠারেঠোরে জানিয়ে দিলেন সেটাও। তবে এখানেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ‘শুরু’টাকে। পেসারদের কাছ থেকে ভালো শুরু চান, ভালো করতে চান সিরিজের শুরুটাও। তাহলে যেকোনো কিছুই সম্ভব বলে তাঁর বিশ্বাস।অ্যাঞ্জেলো ম্যাথুসও যেটিকে উড়িয়ে দিতে পারছেন না। বাংলাদেশের ওপর শ্রীলঙ্কান অধিনায়কের অসীম শ্রদ্ধা। সিরিজের শুরু থেকেই এ কথা বলে আসছেন বলে এটিকে ক্রিকেটীয় ভদ্রতার বদলে তাঁর মনের কথা ধরে নেওয়াই ভালো। কালও বাংলাদেশ যে আগের দল নেই, সেটি মনে করিয়ে দিলেন। আর বাংলাদেশ সম্পর্কে একটা কথা বললেন বেশ কবার, ‘ওরা খুব বিপজ্জনক দল।’ওয়ানডে সিরিজ শেষেও ম্যাথুসের এই ধারণার পরিবর্তন না হলে তো হয়েই গেল!