ওয়ারফেজের ‘সত্য’
নয় বছর পর আসছে ওয়ারফেজের নতুন অ্যালবাম। নাম সত্য। ২০০৯ সালে অবশ্য এ ব্যান্ডের আরও একটি অ্যালবাম এসেছিল। নাম পথচলা। ওয়ারফেজের দলনেতা এবং ড্রামার টিপুর মতে, ‘পথচলাকে বেস্ট অব ওয়ারফেজও বলতে পারেন। তবে এখানে দুটি নতুন গান ছিল।’সত্য আসছে জুলাই মাসে। পৃষ্ঠপোষকতা করছে বাংলালিংক। নতুন গানগুলো নিয়ে টিপু বলেন, ‘আমরা যে ধরনের গান করি, সত্যতেও তা-ই থাকছে। তবে প্রতিটি অ্যালবামেই আমরা সময়ের সঙ্গে মিল রেখে সুর এবং সংগীতায়োজনে কিছুটা পরিবর্তন করেছি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।’সত্য অ্যালবামে গান থাকছে নয়টি। আর এ গানগুলো করা হয়েছে যথেষ্ট সময় নিয়ে। টিপু জানান, পথচলা অ্যালবামে ছিলেন টিপু, কমল, শামস, অনি, রজার ও মিজান। তাঁরা সবাই আছেন সত্যতে। সঙ্গে আছেন অতিথি গিটারশিল্পী সামির। ওয়ারফেজের প্রথম অ্যালবাম ওয়ারফেজ এসেছিল ১৯৯১ সালে। এরপর পর্যায়ক্রমে বেরিয়েছে অবাক ভালোবাসা, জীবনধারা, অসামাজিক, আলো এবং মহারাজ। সত্য অ্যালবামের সব গান শোনা যাবে এবিসি রেডিওতে।