ওয়ারিদের লাইসেন্স এক নামে, ব্যবসা চলছে আরেক নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এক নামে নিবন্ধন, লাইসেন্সের আবেদন আরেক নামে। লাইসেন্স পাওয়ার পর আবার অন্য কোম্পানির নামে ব্যবসা—এভাবেই কার্যক্রম চালাচ্ছে দুবাইভিত্তিক আবুধাবি গ্রুপের প্রতিষ্ঠান ওয়ারিদ টেলিকম।অনুসন্ধানে জানা যায়, ২০০৫ সালে যে কোম্পানি বাংলাদেশে মুঠোফোন কার্যক্রম চালানোর জন্য লাইসেন্স পেয়েছিল, তারা ব্যবসা করছে না। অন্য একটি কোম্পানির নামে অবৈধভাবে লাইসেন্স স্থানান্তর করে তিন বছর ধরে কার্যক্রম চালাচ্ছে ওয়ারিদ। লাইসেন্স পাওয়ার শর্ত ছিল, টেলিকমসহ অন্য খাতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে। কিন্তু বিনিয়োগ তো দূরের কথা, বর্তমানে বাংলাদেশ ও বিদেশে একাধিক প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানটির ধার-দেনা প্রায় ৩০ কোটি ডলার। এখন আবার যে নামে ওয়ারিদ বাংলাদেশে ব্যবসা করছে, তার ৭০ শতাংশ মালিকানা চলে যাচ্ছে ভারতী এয়ারটেলের কাছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারদলীয় জোট সরকারের আমলে টেলিকম আইন ২০০১ লঙ্ঘন করে ওয়ারিদের সব কাজে সম্মতি দিয়ে এসেছে। এখন মহাজোট সরকারের আমলেও বিটিআরসি আইন লঙ্ঘনের একই ধারাবাহিকতা রক্ষা করে চলেছে।টেলিকমবিষয়ক আইনজীবী তানজীব উল আলম প্রথম আলোকে বলেন, ২০০৫ সালে বিটিআরসি ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে কোনো লাইসেন্স প্রদান করেনি, করেছিল দুবাইভিত্তিক ওয়ারিদ টেলিকম এলএলসিকে। পরে বিটিআরসি লাইসেন্সের যে সংশোধনী এনেছে, তা টেলিকম আইনের ৩৭ নম্বর ধারার লঙ্ঘন এবং এ ধরনের সংশোধন বিটিআরসির এখতিয়ারে নেই। এসব কারণে ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিমিটেডের কার্যক্রম আইনগতভাবে অবৈধ।একই ধরনের বক্তব্য দিয়েছেন সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সৈয়দ আফজাল হাসান উদ্দিন। তিনি বলেন, ভারতী এয়ারটেল যে কোম্পানিতে বিনিয়োগ অংশীদারি হতে চায়, সে কোম্পানির আদতে কোনো লাইসেন্স নেই।এ ব্যাপারে বিটিআরসির আইনজীবী আজমালুল হোসেন কিউসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ২৫ জানুয়ারি টেলিকম আইন নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হন। কিন্তু ওই দিন চেম্বারে উপস্থিত হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।বিটিআরসির বক্তব্য: বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদের কাছে এসব বিষয়ে ই-মেইলে প্রশ্ন পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। ২৭ জানুয়ারি মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা পাঠানোর পর তিনি ফোনে বলেন, কমিশনের বৈঠকে সবার সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়ারিদ টেলিকমের লাইসেন্সটিতে এবং/অথবা এ রকম একটি কথা ছিল, সেটিকে পরিবর্তন করে আবার একজনকে দেওয়া হয়েছে। মূল লাইসেন্সে এ ধরনের কথা ছিল না এবং চারদলীয় জোট সরকারের শেষ সময়ে তা অবৈধভাবে সংশোধন করা হয়েছে—এ রকম প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কমিশন বৈঠকে আমার সামনে যা উপস্থাপনা করা হয়েছে, তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে।’ এসব বিষয়ে ওয়ারিদ এলএলসি ও ভারতী এয়ারটেলের পক্ষে ঢাকা থেকে ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিমিটেডের অফিস থেকে বলা হয়, তাদের লাইসেন্স বৈধ এবং ভারতী এয়ারটেলের সঙ্গে কৌশলগত অংশীদার চুক্তিও আইনসম্মত। ভারতী এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক মনোজ কোহলি অবশ্য এ বিষয়ে করা ই-মেইলের কোনো জবাব দেননি।যেভাবে ওয়ারিদকে লাইসেন্স দেওয়া হয়: ২০০৪ সালের ১ জানুয়ারি বিটিআরসি কর্তৃক জারি করা প্রবিধানে বলা আছে, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নতুন লাইসেন্স দিতে হবে। কারিগরি প্রস্তাবের চেয়ে আর্থিক প্রস্তাবকেও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। কিন্তু ওয়ারিদকে লাইসেন্স দেওয়ার সময় কোনো কিছুই মানা হয়নি।২০০৫ সালের ৫ অক্টোবর বিটিআরসি মোবাইল ফোনের ব্যবসা পরিচালনার নতুন লাইসেন্সের আবেদন আহ্বান করে শর্ত দেওয়া হয়, বাংলাদেশে যারা ব্যবসা করছে তারা নতুন করে লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করতে পারবে না। এর প্রায় তিন সপ্তাহ পর বিটিআরসি বিভিন্ন মানদণ্ডে কত নম্বর দেওয়া হবে, সে বিষয়ে আরেকটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, কোনো কোম্পানি সার্কভুক্ত কোনো দেশে থাকলে পাবে ৩০ নম্বর, অন্য খাতে বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য পাবে ৩০ নম্বর এবং লাইসেন্স দেওয়ার ১৮ মাসে যদি ১০ লাখ গ্রাহক করার রেকর্ড থাকে, তাহলে পাবে ১০ নম্বর।এ ধরনের শর্তের কারণে একমাত্র ওয়ারিদ টেলিকম এলএলসি ৭০ নম্বর পাওয়ার দাবিদার হয়ে ওঠে। কারণ, পাকিস্তানে তাদের ব্যবসা আছে এবং সেখানে ১৮ মাসের মধ্যে ১০ লাখ গ্রাহক তারা তৈরি করেছে। এ ছাড়া ওয়ারিদের মূল কোম্পানি আবুধাবি গ্রুপ টেলিযোগাযোগ ছাড়াও বাংলাদেশে অন্য খাতে বিনিয়োগের জন্য সমঝোতা চুক্তিতে সই করেছে। ফলে বিটিআরসির বেঁধে দেওয়া সময়ে মাত্র দুটি কোম্পানি প্রস্তাব জমা দেয়। জর্ডানের উমনিয়া লাইসেন্স পাওয়ার আবেদন করলেও মোবাইল ফোনসেবা খাতে একেবারেই নতুন এ প্রতিষ্ঠানের ব্যবসা শুধু ছিল জর্ডানে।২০০৫ সালের ২০ ডিসেম্বর ওয়ারিদকে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স দেওয়া হয়। লাইসেন্স ফি হিসেবে বিটিআরসির নির্ধারিত পাঁচ কোটি ডলার দিতে হয়েছে। কিন্তু নিয়ম থাকলেও কোনো আর্থিক প্রস্তাব ছাড়াই ওয়ারিদকে লাইসেন্স দেওয়া হয়। ২০০৭ সালের ১০ মে ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিমিটেড বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। কিন্তু ঋণের ভারে জর্জরিত এ প্রতিষ্ঠান কোনো খাতেই বিনিয়োগ করেনি। ঘুষ দিয়ে লাইসেন্স নেয় ওয়ারিদ: পাকিস্তানে ওয়ারিদ টেলিকম এলএলসি ২৯ কোটি ডলারের বিনিময়ে লাইসেন্স নিলেও মাত্র পাঁচ কোটি ডলারের বিনিময়ে বাংলাদেশ থেকে লাইসেন্স নেয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক চারদলীয় জোট সরকারের মন্ত্রী ও হাওয়া ভবনের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি ওয়ারিদ টেলিকমকে লাইসেন্স দেওয়ার সময় বড় অঙ্কের টাকা অবৈধভাবে লেনদেন হয়েছিল বলে স্বীকার করেছিলেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর গ্রেপ্তার হওয়ার পর এক স্বীকারোক্তিতে জানান, ওয়ারিদ টেলিকমকে তরঙ্গ বরাদ্দ করার বিষয়ে মোট এক কোটি ৫০ লাখ ডলার বা ১০৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। বিটিআরসির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক এতে সহায়তা করেন। এর মধ্যে ১০ লাখ ডলার বা ছয় কোটি ৯০ লাখ টাকা নেন সাবেক সাংসদ আলী আসগার লবী এবং সাবেক প্রধানমন্ত্রীর ছেলে আরাফাত রহমান কোকো নেন ৯০ লাখ ডলার বা ৬২ কোটি টাকা। এ ছাড়া হাওয়া ভবনসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বাকি অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেন। বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনও লাইসেন্স প্রদানসম্পর্কিত আর্থিক লেনদেনে আলী আসগার লবী ও কোকোর সংশ্লিষ্টতার কথা বলেছিলেন। এয়ারটেল বাংলা লিমিটেডের যাত্রা শুরু: ৪ জানুয়ারি ভারতী এয়ারটেলকে ৩০ কোটি ডলার বিনিয়োগের কৌশলগত অংশীদার হওয়ার অনুমতি দিয়েছে বিটিআরসি। বিনিময়ে ওয়ারিদের ৭০ শতাংশ মালিকানা তাদের হাতে চলে যাবে। ভারতী এয়ারটেল ওয়ারিদ ইন্টারন্যাশনাল লিমিটেডের নাম পরিবর্তনের জন্য কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরে (আরজেএসসি) নতুন প্রতিষ্ঠান এয়ারটেল বাংলা লিমিটেডের নামের ছাড়পত্র চেয়ে আবেদন করেছে। ইতিমধ্যেই তারা ছাড়পত্র পেয়ে গেছে। আরজেএসসির নিবন্ধক আহমেদুর রহিম বলেন, এয়ারটেল বাংলা লিমিটেডের নামের ছাড়পত্র অনুমোদন করা হলেও এখনো শেয়ার স্থানান্তরের কাজ সম্পন্ন হয়নি। তবে ১৭ জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে মনোজ কোহলি বলেছেন, দু-তিন মাসের মধ্যে মালিকানা হস্তান্তরসম্পর্কিত যাবতীয় কাজ সম্পন্ন করা যাবে।