ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল করবে সরকার
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার। আজ রোববার দুপুরে যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে জানান, হাইকোর্টের রায়ের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন দায়েরের প্রস্তুতি চলছে। আজই আবেদনটি দায়ের করা হবে বলে তিনি জানান।রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি পদক্রমে (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ও মুখ্য মহানগর হাকিমদের পরে থাকবে তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের নাম। এর পরে থাকবে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নাম। এমন আট দফা নির্দেশনার আলোকে দুই মাসের মধ্যে সরকারি পদক্রম তৈরি করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করেন আদালত। গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের এক বেঞ্চ এ রায় দেন।পাশাপাশি আট দফা নির্দেশনার আলোকে নতুন ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে তা হলফনামা আকারে আদালতে দাখিল করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত আগামী ২৫ মে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও বর্তমানে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক মো. আতাউর রহমানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। বুধবারে শুরু করে বৃহস্পতিবার দুপুরে আদালত রায় প্রদান শেষ করেন।