ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: হাইকোর্টের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম বা ওয়ারেন্ট অব প্রিসিডেন্সকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। স্থতিগাদেশ চেয়ে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বেলা তিনটার দিকে চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এই আদেশ দেন। পাশাপাশি এ সময়ের মধ্যে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায়ে বলা হয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি পদমর্যাদাক্রমে (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ও মুখ্য মহানগর হাকিমদের পরে থাকবেন সশস্ত্র বাহিনীর তিন প্রধান। এর পরে থাকবেন সচিব পদমর্যাদার কর্মকর্তারা। এমন আট দফা নির্দেশনার আলোকে দুই মাসের মধ্যে সরকারি পদক্রম তৈরি করতেও নির্দেশনা দেন হাইকোর্ট। পাশাপাশি ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করেন আদালত।একই সঙ্গে হাইকোর্ট আট দফা নির্দেশনার আলোকে নতুন ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে তা হলফনামা আকারে আদালতে দাখিল করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেন। আদালত আগামী ২৫ মে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব এবং বর্তমানে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক মো. আতাউর রহমানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই রায় দিয়েছিলেন।