ওয়ার্ড কমিশনার ও যুবদল নেতা আহাম্মদ হোসেন খুন
ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের কমিশনার ও বিএনপি নেতা হাজি আহাম্মদ হোসেন (৪৫) খুন হয়েছেন। আজ মঙ্গলবার রাতে রাজধানীর পুরোনো ঢাকার আলু বাজার এলাকার নিজের বাসার কাছে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। আহাম্মদ হোসেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিভাগের যুবদলের সভাপতি ছিলেন।ওয়ার্ড কমিশনার নিহত হওয়ার ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ রাতে পুরোনো ঢাকার হাজি ওসমান গণি রোডের বড় মসজিদ থেকে আহাম্মদ হোসেন নামাজ পড়ে আলু বাজারের বাসায় ফিরছিলেন। বাসার কাছে পৌঁছোলে ওত পেতে থাকা চার-পাঁচজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গলা ও বুকের বাঁপাশে তিনটি গুলি লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্বজনেরা উন্নত চিকিত্সার জন্য পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। রাত পৌনে দশটায় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র জানায়, ঢাকা মেডিকেলেই তিনি মারা যান। কিন্তু সহিংসতা এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করার অনুমতি দেয়।আহাম্মদ হোসেনকে কারা এবং কেন খুন করেছে সে ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। একাধিক সূত্র জানায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় তিনি ঢাকা টাওয়ার নামে আলু বাজারে একটি বহুতল ভবন তৈরি করেন। এ ভবন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। অনেকের ধারণা, এর জের ধরেই তিনি খুন হতে পারেন। তবে পুলিশ এখন পর্যন্ত এ নিয়ে কিছু বলতে পারেনি।নিহত আহাম্মদ হোসেনের দুই ছেলে ও এক মেয়ে আছে। তাঁর পিতার নাম হাজি দেলোয়ার হোসেন। তিনি নাজিরাবাজারের আদি বাসিন্দা ছিলেন।পুলিশ জানায়, খুনের ঘটনার পর এলাকায় র্যাব ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।