ওয়ার্ড কাউন্সিলর হত্যার প্রতিবাদে ধর্মঘট পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ হোসেনের হত্যার বিচারের দাবিতে ঢাকা মহানগর ৭০ নম্বর ওয়ার্ডে আজ বৃহস্পতিবার ধর্মঘট পালিত হয়েছে। আলুবাজারে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুলিস্তান, সুন্দরবন স্কয়ার মার্কেট, নবাবপুর রোডে ঘুরে আবার বংশাল চৌরাস্তায় ফিরে আসে। বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কেন্দ্রীয় যুবদল এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ওয়ার্ড কাইন্সিলর হত্যার প্রতিবাদে আলুবাজার, সিদ্দিকবাজার, নবাবপুর রোড, সৈয়দ নজরুল ইসলাম সরণির সব দোকান বন্ধ রয়েছে। বংশালে দোকানপাট আংশিক বন্ধ আছে। আজ বেলা তিনটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার হাজি ওসমান গণি রোডের বড় মসজিদে নামাজ শেষে বাসায় ফেরার পথে মসজিদ থেকে কয়েক গজ দূরে রাশেদ এন্টারপ্রাইজের সামনে সন্ত্রাসীরা ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ বিভাগের যুবদলের সভাপতি আহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করে। বাজারের ব্যবসায়ী মুক্তার হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী জানান, আহাম্মদ হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ আলুবাজার, সিদ্দিকবাজার ও হাজি ওসমান গণি রোডের সাড়ে চার হাজার ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখেছেন।