ওয়ার্ড কাউন্সিলররা সাদেক হোসেনের পক্ষে মত দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে সৃষ্ট সংকট অনেকটাই কেটে গেছে। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যের পর এবার ওয়ার্ড কাউন্সিলররাও ঢাকা মহানগরের পরবর্তী সভাপতি হিসেবে সাদেক হোসেনকে তাঁদের পছন্দ বলে চেয়ারপারসনকে জানিয়েছেন। বিএনপি সূত্রে এ কথা জানা গেছে।সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নগর বিএনপির সভাপতি হতে আগ্রহী তিন নেতার উপস্থিতিতে ঢাকা সিটি করপোরেশনের বিএনপিপন্থী ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন।বৈঠকে মহানগর সভাপতি হতে আগ্রহী বিএনপির তিন নেতা মির্জা আব্বাস, সাদেক হোসেন ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন। এ ছাড়া মির্জা আব্বাসের কঠোর বিরোধী স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালামকেও বৈঠকে রাখা হয়। খালেদা জিয়ার নির্দেশে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন বৈঠকের প্রধান উদ্যোক্তা।সূত্র জানায়, বৈঠকে উপস্থিত ৭৭ জন ওয়ার্ড কাউন্সিলরের প্রায় সবাই খালেদা জিয়াকে জানান, ঢাকা মহানগরের নেতৃত্বের জন্য সাদেক হোসেনের বিকল্প বিএনপিতে নেই। তাঁরা দলকে শক্তিশালী করতে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিতে চেয়ারপারসনকে অনুরোধ করেন।এর আগে গত বছরের ডিসেম্বরে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে একজন ছাড়া বাকি সব সদস্য ঢাকা মহানগরের সভাপতি হিসেবে সাদেক হোসেনকে সমর্থন করেন। কিন্তু মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরোধিতার কারণে সে সময় আর কমিটি গঠন হয়নি। এবার ওয়ার্ড কাউন্সিলররা সমর্থন দেওয়ায় সাদেক হোসেন পরবর্তী সভাপতি হওয়ার পথে অনেকখানি এগিয়ে গেলেন বলে বিএনপির নেতারা মনে করছেন।বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া কোনো সিদ্ধান্ত দেননি। ওয়ার্ড কাউন্সিলরদের অধিকাংশই বিভিন্ন ওয়ার্ডের বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছেন। তাঁদের কথা খালেদা জিয়া শুনবেন বলেই মনে হয়।মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত করতে হলে ঢাকা মহানগরকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এই বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা কমিটি গঠনের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি এনে দিয়েছে, এটা বলা যায়। তবে কিছু সমস্যাও আছে, ঠিক হয়ে যাবে।বিএনপির এক নেতা জানান, মহানগরের কোন্দল নিরসনে খালেদা জিয়া ফখরুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পাওয়ার পরই এ মাসের শুরুতে তিনি নগর ভবনে সাদেক হোসেন ও ৮০ জন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। তাঁর প্রতিবেদনের ভিত্তিতে খালেদা জিয়া কাউন্সিলর ও বিবদমান পক্ষগুলোর সঙ্গে বৈঠকে বসলেন। সূত্র জানায়, খালেদা জিয়া চান সাদেক হোসেনকে ঢাকা মহানগরের সভাপতি করতে। কিন্তু দেলোয়ার হোসেন চান মির্জা আব্বাসকে এই পদে আনতে। এ নিয়ে টানাপোড়েনের কারণে ঢাকা মহানগর কমিটি হয়নি।