খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৩১টি ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ ২৭টি এবং বিএনপি ২৯টিতে কাউন্সিলর পদে সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কিন্তু অধিকাংশ ওয়ার্ডে উভয় দলের একাধিক নেতা-কর্মী মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এতে বিপাকে পড়েছে দল দুটি।আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, ১০-১১ মে প্রার্থীদের সঙ্গে কথা বলে দুই দফায় ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের দলীয় সমর্থনের ঘোষণা দেওয়া হয়। প্রার্থীর সংখ্যা বেশি থাকায় চারটি ওয়ার্ড উন্মুক্ত রাখা হয়। তবে দলের সিদ্ধান্ত না মেনে অধিকাংশ ওয়ার্ডে দুই থেকে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য সবাইকে চিঠি দেওয়া হবে। তাঁরা এর ব্যতিক্রম হলে আমরা কঠোর পদক্ষেপ নেব।’বিএনপি ২৯টি ওয়ার্ডে একক প্রার্থীকে সমর্থন দিলেও এ দলের অনেক নেতাও বেশির ভাগ ওয়ার্ডে দলের মতামতকে না মেনে প্রার্থী হয়েছেন।এ সম্পর্কে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘এখনো মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ আছে। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগেই এ সমস্যার সমাধান হবে।’