আসন্ন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন সর্বশেষ জনসংখ্যার হিসাবে এবং ওয়ার্ডের সীমানা নির্ধারণের ভিত্তিতে কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি মমতাজ উদ্দিন ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।একই সঙ্গে আদালত চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঢাকার জেলা প্রশাসককে এই রুলের জবাব দিতে বলেছেন।ঢাকার ১৭ নম্বর ওয়ার্ডের (খিলক্ষেত) বাসিন্দা জনৈক শামীম মোল্লা সিটি করপোরেশনের আইনের বাস্তবায়নের জন্য নির্দেশনা চেয়ে ১৩ জানুয়ারি এই রিটটি দায়ের করেন।রিট আবেদনের অভিযোগে বলা হয়, ২০০১ সালে সর্বশেষ আদমশুমারি হয়েছে। এর আগে ১৯৯৩ সালে সিটি করপোরেশনের ওয়ার্ডের সীমানা নির্ধারণ করা হয়েছে।কিন্তু গত বছরের ১৫ অক্টোবর সিটি করপোরেশনের আইনের ২৭(২) ধারায় বলা হয়েছে, জনসংখ্যার সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে প্রতিটি করপোরেশনের ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণ করতে হবে।