ওয়ার্নের হার্লি, পিকের শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ...’ এই গানই যেন গাইছেন লিজ হার্লি আর শাকিরা। ক্রীড়াঙ্গনের বাইরের হয়েও ক্রীড়াঙ্গনেরই অতি পরিচিত মুখ হয়ে ওঠা দুই তারকা আর তাঁদের প্রেম নিয়ে লিখেছেন রাজীব হাসানআগে বলুন, ‘ধন্যবাদ, ধন্যবাদ’। কেন, কাকে, কিসের জন্য ধন্যবাদ দুটো দিচ্ছেন, সেটা পরে হবে। আপাতত ধন্যবাদ তো দিন। দিয়েছেন? বেশ। তবে শুনুন। প্রথম ধন্যবাদটি শেন ওয়ার্নকে, দ্বিতীয়টির প্রাপক জেরার্ড পিকে।কোথায় ওয়ার্ন আর কোথায় পিকে; একজন আইপিএলের পেশাদারি খোলসে থাকা শখের ক্রিকেটার; অন্যজন পুরোদস্তুর জান লড়িয়ে দেওয়া রক্ষণ-সেনানি, খেলেন বার্সেলোনায়। কিন্তু দুজনকে অভিন্ন ধন্যবাদ পৌঁছে দেওয়ার কারণ, তাঁদের সৌজন্যেই বিশ্ব ক্রীড়াঙ্গন গ্যালারি আলো করা দুজন নিয়মিত দর্শক পেয়েছে। ওয়ার্নের খেলা দেখতে নিয়মিতই গ্যালারিতে হাজির হচ্ছেন লিজ হার্লি; পিকের খেলা দেখতে শাকিরা।হার্লি আর শাকিরার মধ্যেও মিল আছে। দুজনই গ্ল্যামারের দুনিয়া থেকে এসেছেন। দুজনই ক্রীড়া-তারকার প্রেমিকার বাইরেও নিজস্ব পরিচয় ধরেন। হার্লি তো হলিউডের নামকরা অভিনেত্রী। শাকিরা তাঁর চেয়েও জনপ্রিয়। কলম্বিয়ান এই গায়িকা বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয়তার তুঙ্গে। ক্রীড়াঙ্গনেও তিনি অনেক দিন ধরেই পরিচিত মুখ। ২০০৬-এর পর এবারও ২০১০ ফুটবল বিশ্বকাপের সূচনা সংগীত গেয়েছেন। তাঁর ‘ওয়াকা ওয়াকা’ নাচন তুলেছে বিশ্বের প্রতিটি প্রান্তে। মাঝখানে ২০০৭ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানও দেখেছে শাকিরার কোমর দোলানো।মিলটা আছে আরেক জায়গায়। দুজনই তাঁদের দীর্ঘদিনের সংসার ছেড়ে নতুন করে ভেসেছেন প্রেমের ভেলায়!হিউ গ্রান্টের প্রেমিকা পরিচয়ে আলোচনায় আসা হার্লি টানা ১৩ বছর সংসার করেছেন ব্রিটিশ অভিনেতার সঙ্গে। ২০০০ সালে তাঁদের মধ্যে ‘আপসে’ ছাড়াছাড়ি হয়ে যায়। ২০০২ সালের শেষের দিকে হার্লির সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয় ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী অরুণ নায়ারের। পাঁচ বছর প্রেম করে ২০০৭-এর মার্চে দুজন বিয়ে করেন। মহা ধুমধামে হয়েছিল তাঁদের আক্ষরিক অর্থেই রাজকীয় বিয়েটা। যে বিয়ের ছবির স্বত্ব কিনতে হ্যালো সাময়িকী ২০ লাখ পাউন্ড গুনেছিল বলে খবর।সে যা-ই হোক। নায়ারের সঙ্গে হার্লির আট বছরের সম্পর্কের ইতি ঘটে যায় গত বছরের শেষাশেষি। হার্লির হূদয় আকাশে যে ধূমকেতুর মতো ওয়ার্নের আগমন। ‘ধূমকেতু’ এ জন্যই বলা, প্রেমের ক্ষেত্রে ওয়ার্ন যে ধ্রুবতারায় বিশ্বাসী নন। থিতু হতে নাকি মন চায় না তাঁর। তবে নিন্দুকদের মুখে চুনকালি মেখে দুজনের সম্পর্ক ভালোমতোই টিকে আছে। যদিও এরই মধ্যে অজস্রবার খবর বেরিয়েছে, ওয়ার্ন হার্লির প্রতিও সৎ নন; গোপনে এসএমএস পাঠিয়েই চলেছেন!শাকিরা-পিকের প্রেমকাহিনি আরও ‘রোমান্টিক’। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে আন্তোনিও ডে লা রুয়ার সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিল শাকিরার। বিয়ে করেননি বটে। কিন্তু ২০০৯ সালেই এক সাক্ষাৎকারে শাকিরা মন্তব্য করেছিলেন, ‘স্বর্গীয়’ এই সম্পর্কের প্রামাণ্য দলিল হয়ে থাকার সাধ্য নাকি নেই ‘ঠুনকো’ কাগজের। কিন্তু সম্পর্কের যুগপূর্তি হওয়ার আগেই বিচ্ছেদ। গত আগস্টে শুরু হয় গুঞ্জন—শাকিরা প্রেম করছেন বয়সে তাঁর চেয়ে ১০ বছরের ছোট পিকের সঙ্গে। বার্সা তারকা এবং শাকিরা দুজনই অস্বীকার করে এসেছেন প্রথমে। কিন্তু গত মার্চে শাকিরা স্বীকার করে নেন। বুঝতে পারেন, প্রেমের চাঁদ আকাশে উঠলে সেটিকে লুকিয়ে রাখার উপায় নেই। কীভাবে তাঁদের প্রেমের শুরু, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এটা নিশ্চিত, ‘ওয়াকা ওয়াকা’র মিউজিক ভিডিওর শুটিং চলার সময়ই একসঙ্গে দুজন অনেকটা সময় কাটিয়েছেন।এখনো কাটাচ্ছেন। শাকিরা তাঁর ব্যস্ত সফরসূচি থেকে অনেক কিছু কেটেছেঁটে ফেলেছেন মৌসুমের শেষ প্রান্তে পিকের পাশে থাকবেন বলে। দুজন একসঙ্গে খেলাও দেখছেন, আর তাঁদের অনেকেই দেখছেন ঈর্ষার চোখে!বয়সের ব্যবধান যত বেশিই হোক, এই প্রেমটিকেও শাকিরা স্বর্গীয়ই বলবেন নিশ্চয়ই। কাকতালীয় বলতে পারেন, দুজনেরই জন্ম ২ ফেব্রুয়ারি! যদি সম্পর্কটা দিন দিন আরও আলো ছড়াতে থাকে, দুজনের ভক্তরা ভালোবাসা দিবসের তারিখটা ১২ দিন এগিয়ে আনার প্রস্তাবও দিয়ে বসতে পারেন!