ওয়াল স্ট্রিট আন্দোলনের দুই মাস
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট দখল করো (অকুপাই ওয়াল স্ট্রিট) আন্দোলন নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুঁজিবাদের প্রতি ক্ষুব্ধ এবং প্রথাবিরোধী এ আন্দোলনের দুই মাস পূর্তি হচ্ছে আজ বৃহস্পতিবার। দিনটিকে নতুন মাত্রা দেওয়ার লক্ষ্যে নিউইয়র্কে ‘ডাইরেক্ট অ্যাকশন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচিতে অহিংস উপায়ে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ঘেরাওয়ের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া নিউইয়র্ক শহরের ১৬টি রেলস্টেশনে দিনভর ব্যাপক জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। সন্ধ্যায় ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজের কাছে আরেক দফা সমাবেশের ঘোষণাও এসেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে।নিউইয়র্ক সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জুকুটি পার্ক এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছিল। পরিচ্ছন্নতার নামে পার্ক থেকে উচ্ছেদ হওয়া আন্দোলনকারীরা আবার ফিরে এসেছে। তাঁবু ও বিছানাপত্র ছাড়াই একদল আন্দোলনকারীকে খোলা পার্কে অবস্থান করতে দেখা যায়। আশপাশের সড়ক পথে অনেকেই পালা করে হাঁটছে। তাদের গলায় ঝুলানো রয়েছে পোস্টার। কখনো একাকী, কখনো তিন থেকে ১২ জনের দল পালা করে স্লোগান দিচ্ছে। এসব স্লোগানে বলা হচ্ছে, ‘আমরাই ৯৯ শতাংশ। এক শতাংশ লোভী পুঁজিপতিরা নিপাত যাক।’নিউইয়র্কে বাণিজ্য কেন্দ্র ওয়াল স্ট্রিট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছে। নগরের ডেপুটি মেয়র হাওয়ার্ড ওলফসন বলেছেন, হাজার হাজার প্রতিবাদী জুকুটি পার্কসহ অন্যান্য জায়গায় অবস্থান নেবে। তাই আগাম ব্যবস্থা হিসেবে পর্যাপ্ত নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। গত মঙ্গলবার আন্দোলনের কেন্দ্রস্থল জুকুটি পার্ক থেকে বিক্ষোভকারীদের উচ্ছেদের চেষ্টা করা হয়। এ নিয়ে এমনিতেই ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে। নতুন ধারার অহিংস এ আন্দোলনে সহানুভূতিশীল ব্যাপক লোকের সমাগম ঘটবে আজকের কর্মসূচিগুলোতে এমনটাই ধারণা করা হচ্ছে। জুকুটি পার্ক থেকে ঘোষণা দেওয়া হয়েছে নিউইয়র্ক সময় বৃহস্পতিবার সকালেই ওয়াল স্ট্রিট বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে। কয়েক হাজার ক্ষুব্ধ লোকের পদযাত্রায় ওয়াল স্ট্রিট এলাকা কার্যত অচল করে দেয়াই আন্দোলনকারীদের লক্ষ্য। সহিংসতার আশঙ্কা করা না হলেও যেকোনো ঘটনা ঘটে যেতে পারে, এমন আশঙ্কা নিয়েই উত্তেজনা বিরাজ করছে। সহানুভূতিশীল স্থানীয় লোকজন আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সন্ধ্যায় ব্রুকলিন ব্রিজ এলাকায় মিছিল করে জনসভার জন্য আন্দোলনকারীদের সংলগ্ন ফোলি স্কয়ারে জমায়েত হওয়ার কথা।ওয়াল স্ট্রিট আন্দোলনের অন্যতম সংগঠক বিল ডবস বলেন, আন্দোলনের দুই মাস পূর্তি ইতিমধ্যেই বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে উঠেছে। ব্যাপক মানুষের সম্পৃক্ততার মধ্য দিয়ে তাদের ক্ষোভ ও হতাশার বার্তাগুলো আরও প্রচার পাবে বলে মনে করেন তিনি।এ আন্দোলনের সবচেয়ে বড় বিষয় হলো, বিক্ষোভকারীরা এখনো পর্যন্ত অহিংসই রয়েছে। কারও কারও বক্তৃতা-বিবৃতি সহিংস ভাষার হলেও এ আন্দোলনে এখনো অপ্রীতিকর কিছু ঘটেনি। কেউ কেউ অবশ্য নিজেদের বক্তৃতায় নিউইয়র্ক শহর পুড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছে।যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মহল নেতৃত্ববিহীন, নির্দলীয় এ আন্দোলনকে সতর্কতার সঙ্গেই দেখছে। ওয়াল স্ট্রিট আন্দোলন এখন করপোরেট আধিপত্য ও পুঁজিবাদের বিরুদ্ধে সাধারণের বলিষ্ঠ প্রতিবাদ হিসেবে পৃথিবীব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। এ সম্পর্কে অন্যতম আন্দোলনকারী ক্রিস ভেগা বলেন, এ আন্দোলন অনেক ব্যাপক। দমন-নিপীড়ন চালিয়ে এ আন্দোলনের ধারণাকে উচ্ছেদ করা যাবে না। ৯৯ শতাংশ মানুষের এ আন্দোলন আরও ব্যাপক হবে আগামী দিনগুলোতে।