বিশ্বব্যাংকের দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী
ওয়াল স্ট্রিট জার্নাল, ফোর্বস পড়ার অনুরোধ করছি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, যেখানে তারা এক পয়সা ছাড় দেয়নি, সেখানে দুর্নীতি হলো কী করে? বরং এর পেছনে কারা আছে, তাদের কী উদ্দেশ্য তা খোঁজ নেওয়া দরকার। তিনি বিশ্বব্যাংকের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ওয়াল স্ট্রিট জার্নাল ও ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন পড়ে দেখা হোক। তাহলেই আসল দুর্নীতি কোথায় আছে তা জানা যাবে।আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করার পর প্রধানমন্ত্রী প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন। প্রধানমন্ত্রী বলেন, জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি ঠিক করল কে কাজ পাবে। সে কমিটির সুপারিশে কানাডিয়ান কোম্পানিকে কাজ দেওয়া হয়। সেই কোম্পানির নামে অভিযোগ আনা হলো। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার পর তথ্য চাইলাম। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে দেখা করে দুটো চিঠি দিলেন। তাতে বিএনপি সরকারের সময়ের প্রকল্প ও সে সময়ের যোগাযোগমন্ত্রীর নামে অভিযোগ করা হয়। আমি তাঁকে বললাম, এটা আমাদের সময়ের না।’ তিনি বলেন, বিএনপির আমলে যোগাযোগ খাতে নেওয়া সাতটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক বন্ধ করে দেয়। এর একটি ঢাকা-ময়মনসিংহ চার লেন প্রকল্প। পরবর্তীকালে নিজেদের অর্থায়নে আমরা এ প্রকল্প শুরু করি। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। এটি একটি দুরূহ কাজ। সাধারণত ভূমি নিয়েই অনিয়ম ও দুর্নীতি হয়। দেড় হাজার কোটি টাকার সেই কাজ আমরা করে যাচ্ছি। বিশ্বব্যাংক দেখেছে সেখানে কোনো দুর্নীতি হয়নি। তিনি বলেন, ‘আমি যোগাযোগমন্ত্রী ও সচিবকে সরিয়েছি। প্রকল্প পরিচালককে সরিয়েছি। এর থেকে বেশি আর কে করেছে? বিশ্বব্যাংক যখন দুর্নীতির দায়ে যোগাযোগ খাতের প্রকল্পগুলো বন্ধ করে দেয়, তখন কি বিএনপি যোগাযোগমন্ত্রীকে সরিয়েছিল? সরায়নি। আমরা সরিয়েছি।’পদ্মা সেতু নির্মাণ সম্পর্কে আদ্যোপান্ত বর্ণনা করে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে জাপান সফরে রূপসা ও পদ্মা সেতু নিয়ে আলোচনা করি। এরপর সমীক্ষা করা হয় এবং সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করি। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেয়। এবার সরকারে আসার পর আমরা সেতু নির্মাণে নতুন করে কাজ শুরু করি। তিনি বলেন, বিশ্বব্যাংক স্বপ্রণোদিত হয়ে টাকা দিতে আসে। আমরা নিলাম। কিন্তু তারা হঠাত্ বলল, দুর্নীতি হয়েছে।বিশ্বব্যাংক দুর্নীতির বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষ কোম্পানিকে কাজ দিতে বিশ্বব্যাংক তিনবার চিঠি দেয়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, সে কোম্পানিটি ভুয়া। তাহলে দুর্নীতি কোথায়? শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, ‘পদ্মা সেতু আমরা নির্মাণ করব। প্রয়োজনে নিজেদের অর্থায়নে করব। যে দেশই প্রস্তাব দিক, যা দেশের জন্য ভালো হবে, তা-ই করা হবে। পিপিপি, বিও ও টিবিওটি পদ্ধতিতে আমরা এ প্রকল্প বাস্তবায়ন করতে পারি। এতে দেশের টাকা লাগবে না। যে কোম্পানি অর্থ বিনিয়োগ করবে, তারা সেতু পরিচালনা করবে এবং একটা সময় আমাদের কাছে সেতু হস্তান্তর করবে। দেশীয় অর্থায়ন সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘গত মঙ্গলবার আমি অর্থ, যোগাযোগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছি। কীভাবে আমাদের অর্থায়ন করা যায়, তা নিয়ে আলোচনা করেছি। আমাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ না। রিজার্ভ থেকে প্রতিবছর এক দুই বিলিয়ন ডলার খরচ করা কোনো বিষয় নয়। তিনি বলেন, বাংলাদেশ কি সারা জীবন অন্যের সাহায্য নিয়েই চলবে? নিজের পায়ে দাঁড়াবে না? সেতু করার জন্য আমাদের ১৬ কোটি মানুষ আছে। ৮০ লাখ প্রবাসী আছে।আমার পরিবারের নাম ভাঙালে জানাবেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, তাঁর পরিবার কোনো দুর্নীতি বা কমিশনের সঙ্গে জড়িত নয়। তিনি বলেন, আমরা দুই বোন এবং আমাদের পাঁচ ছেলেমেয়ে নিয়ে আমাদের পরিবার। আমাদের নাম ভাঙিয়ে কেউ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে জানাবেন। এ সময় তিনি তাঁর মেইল ঠিকানা [email protected] এবং মোবাইল নম্বর ০১৭১১-৫২০০০০ এবং ০১৮১৯-২৬০৩৭১ সংসদে প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, আমার পরিবার বলতে আমরা দুই বোন ও পাঁচ ছেলেমেয়ে। আমরা দেশের জন্য কাজ করতে এসেছি। দুর্নীতি বা কমিশন খাওয়ার জন্য আসিনি। তা ছাড়া যে মন্ত্রী দুর্নীতিতে জড়িত হবে, সে মুহূর্তেই সে থাকবে না। মন্ত্রিসভা পুনর্গঠন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ২৩৩ জন সাংসদ আছে। সবারই মন্ত্রী হওয়ার খায়েশ আছে। অনেকেই নামের পাশে সাবেক মন্ত্রী লিখতে চান। তবে মন্ত্রিসভা পুনর্গঠন স্বাভাবিক প্রক্রিয়া। বড় মন্ত্রিসভা করা হয়নি। তার পরও নতুন মন্ত্রণালয় করছি। বিষয়টা দেখব।শিগগিরই মেট্রোরেল: তানভীর শাকিল জয়ের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকার যানজট নিরসনে ফ্লাইওভার, মেট্রোরেল এবং ঢাকার চারপাশে জলপথ তৈরি করা হচ্ছে। শিগগিরই মেট্রোরেল নির্মাণের কাজ শুরু হবে। কে এম খালিদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার চারপাশে চারটা স্যাটেলাইট শহর নির্মাণের পরিকল্পনা আছে। তা ছাড়া সরকার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমে মানুষের ঢাকামুখী প্রবণতা বন্ধ করা হবে। স্বতন্ত্র সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, চলমান ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সর্বশেষ বছর ২০১৫ সালে জিডিপির প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত হবে, যা গড় হিসাবে প্রতিবছর ৭ দশমিক ৩ শতাংশ। তিনি বলেন, সদ্য সমাপ্ত অর্থবছরে রেমিট্যান্স আয় ১৩ বিলিয়ন মার্কিন ডলার হবে।অপু উকিলে প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের জন্য মোট ১৬ হাজার ৬০৬ কোটি টাকা ব্যয়ে ৩৪টি নতুন প্রকল্প এবং পাঁচ হাজার ৩৮৮ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ১০টি সংশোধিত প্রকল্পসহ মোট ২১ হাজার ৯৯৪ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রায় সাত হাজার ২২৮ কোটি ৯১ লাখ ব্যয়ে ৫৩টি গুরুত্বপূর্ণ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে, বর্তমানে যার কাজ চলছে। আগামী দুই-তিন বছরে মধ্যে এর সুফল পাওয়া যাবে।