ওয়াল স্ট্রিটবিরোধী ৪০০ আন্দোলনকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে ওয়াল স্ট্রিটবিরোধী চার শতাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।তবে, ওকল্যান্ড পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে গ্রেপ্তারের সংখ্যা জানানো হয়নি। এর আগে দুই শতাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের তিন কর্মকর্তা ও এক আন্দোলনকারী আহত হয়।শনিবার দুপুরে একটি বন্ধ কনভেনশন সেন্টার দখল করে নিতে গেলে ওকল্যান্ডের রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এ সংঘর্ষ হয়। পুলিশের নিষেধ অমান্য করে কয়েক শ আন্দোলনকারী ওকল্যান্ডের কেন্দ্রস্থলে হেনরি কাইজার কনভেনশন সেন্টারে ভাঙচুর চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল, পাইপ, পাথর, তাত্ক্ষণিক তৈরি বিস্ফোরক ও জ্বলন্ত বস্তু ছুড়ে মারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্তত এক হাজার আন্দোলনকারী প্রথমে শান্তিপূর্ণভাবে কনভেনশন সেন্টারের দিকে যায়। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বন্ধ সেন্টারটির ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।