ওয়াল স্ট্রিটবিরোধীদের ওপর নিপীড়নের অভিযোগ চাভেজের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলমান ওয়াল স্ট্রিটবিরোধী বিক্ষোভকারীদের ওপর সরকার বীভত্স নিপীড়ন চালাচ্ছে। গতকাল শনিবার তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।রাজধানী কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদে একটি রাজনৈতিক সভায় তিনি এ অভিযোগ করেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে চাভেজের এ বক্তৃতা প্রচার করা হয়।গত মাস থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়াল স্ট্রিটবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটির মাত্র ১ শতাংশ করপোরেট ব্যবসায়ী সব সম্পদ কুক্ষিগত করে রেখেছেন। আর বাকি ৯৯ শতাংশ মানুষ বঞ্চিত হচ্ছে। এর বিরুদ্ধে চলমান এ বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।হুগো চাভেজ ওয়াল স্ট্রিটবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘এই আন্দোলন ১০টি শহরে ছড়িয়ে পড়েছে এবং সবখানে মারাত্মক নির্যাতন চালানো হচ্ছে। আমি জানি না, এ মুহূর্তে কতজন কারাগারে আছেন।’চাভেজ মার্কিন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মিত রমনির তীব্র সমালোচনা করেন। ভেনেজুয়েলা ও কিউবাকে আক্রমণ করে কথা বলার জন্য তিনি তাঁকে আগ্রাসী বলে অভিহিত করেন।