ওয়ালীউল্লাহ পিছিয়ে পড়া মানুষদের নিয়ে লিখেছেন: আবুল মকসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যকর্ম নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে কলকাতা বইমেলায়। আজ রোববার সন্ধ্যায় বইমেলার এসবিআই মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘সৈয়দ ওয়ালীউল্ল¬াহ: গ্রাম-জীবনভিত্তিক উপন্যাসের নব্য আধুনিকতার রূপকার’ শীর্ষক ওই সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশের বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্যের নানা দিক তুলে ধরে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘ওয়ালীউল্লাহ পিছিয়ে পড়া মানুষদের নিয়ে লিখে গেছেন। তবে তিনি প্রথাগত লেখকদের ভাষায় লেখেননি, লিখেছেন একজন অগ্রসর আধুনিকতম লেখকের ভাষায়। বাংলা ভাষায় তিনি তাঁর সময়ের এবং এখন পর্যন্ত আধুনিকতম লেখকদের একজন।’ কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনের হেড অব চ্যান্সারি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন অধ্যাপক আবুল আহসান চৌধুরীসহ অন্যরা। এবারের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। এর ফলে বাংলাদেশকে ঘিরে এবারের বইমেলায় নানা সেমিনার ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। লিটারারি মিট: আজ সন্ধ্যায় বইমেলায় আয়োজিত লিটারারি মিটে অংশ নেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বাংলাদেশের প্রখ্যাত কবি বেলাল চৌধুরী, কলকাতার ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য ও সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আলোচনার সূত্রপাত করে আনিসুল হক ‘প্রাণের ভাষা, ভাষা-আন্দোলন’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা। আগামীকাল সোমবার সন্ধ্যায় বইমেলায় আয়োজন করা হয়েছে দুই বাংলার দুই প্রথিতযশা প্রয়াত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ূন আহমদের স্মরণসভা। এতে অংশ নেবেন আনিসুল হক, ইমদাদুল হক মিলন, বেলাল চৌধুরী ও রবিউল হোসেন।নতুন কাব্যগ্রন্থ প্রকাশ: আজ বিকেলে বইমেলায় ‘প্রতিভাস’ স্টলে প্রকাশিত হয়েছে ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মাহাবুব হাসান সালেহের কাব্যগ্রন্থ ‘বৃষ্টিভেজা প্রেম’। এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কলকাতার বিশিষ্ট কবি জয় গোস্বামী ও আনিসুল হক। এ সময় লেখকসহ কলকাতার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।