ওয়াশিংটন টাইমসের দাবি নিবন্ধটি খালেদার, বিএনপির অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াশিংটন টাইমস পত্রিকায় গত ৩০ জানুয়ারি প্রকাশিত নিবন্ধটি খালেদা জিয়ার—এটা নিশ্চিত হয়েই তা ছাপানো হয়েছে বলে মার্কিন দৈনিকটির নির্বাহী সম্পাদক ডেভিড এস জ্যাকসন বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন। গতকাল মঙ্গলবার রাতে একাত্তর টিভিতে প্রচারিত একাত্তর জার্নাল অনুষ্ঠানে স্কাইপে সরাসরি কথা বলেন ওয়াশিংটন টাইমস-এর নির্বাহী সম্পাদক ডেভিড এস জ্যাকসন। তিনি দাবি করেন, নিবন্ধটি খালেদা জিয়ার—এমনটা নিশ্চিত হওয়ার পরই তা প্রকাশ করা হয়েছে। মার্ক পার্সি নামে লন্ডনভিত্তিক একজন এজেন্টের মাধ্যমে ওয়াশিংটন টাইমস নিবন্ধটি পেয়েছে।জানতে চাইলে গত রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে বলেন, ওই নিবন্ধ খালেদা জিয়ার নয়। তিনি এ রকম কোনো এজেন্টও নিয়োগ করেননি। কে বা কারা এটা লিখেছে, তা-ও তাঁরা বলতে পারছেন না। তিনি বলেন, ওই নিবন্ধ ছাপার আগে-পরে খালেদা জিয়া, বিএনপি বা এর প্রেস শাখার কারও সঙ্গে ওয়াশিংটন টাইমস থেকে কেউ যোগাযোগ করেনি।গত ৩০ জানুয়ারি ওয়াশিংটন টাইমস-এ ‘দ্য থ্যাঙ্কসলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ, করাপশন অ্যান্ড স্টেলিং থ্রেটেন আ ওয়ানস ভাইব্রেন্ট নেশন’ শীর্ষক একটি নিবন্ধ প্রকাশিত হয়। ওই নিবন্ধের নিচে লেখকের পরিচিত হিসেবে লেখা ছিল, ‘বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ ও বর্তমানে সংসদের বিরোধীদলীয় নেতা’।যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) স্থগিতের পর নিবন্ধটি নতুন করে আলোচনায় আসে। জিএসপি স্থগিত হওয়ার জন্য খালেদা জিয়ার ওই নিবন্ধকে দায়ী করেন আওয়ামী লীগের নেতারা। এরপর গত শনিবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জাতীয় সংসদে বাজেট আলোচনায় বলেন, ওই নিবন্ধ তাঁর নয়। একই দিন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিবন্ধটি বিরোধীদলীয় নেতারই লেখা। নিবন্ধ প্রকাশের পর এর পক্ষে যুক্তি দিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এই নিবন্ধের সমালোচনাকে ‘নিচু মানসিকতা ও অসহিষ্ণুতার’ পরিচায়ক বলে মন্তব্য করেছিলেন। গত শনিবারের আগ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কখনো দাবি করা হয়নি যে নিবন্ধটি খালেদা জিয়ার নয়।