মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে জয় পেয়েছেন। নির্বাচনী প্রচারাভিযান যতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বিভিন্ন জরিপ ও সমীক্ষায় যেভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ধারণা দেওয়া হয়েছিল, তা হয়নি। এমনকি ৫০ অঙ্গরাজ্যের মধ্যে সুইং বা দোদুল্যমান হিসেবে চিহ্নিত আট থেকে ১০টি রাজ্যের অধিকাংশেই ওবামা এগিয়ে ছিলেন। যুক্তরাষ্ট্র সময় রাত তিনটায় এমএসএনবিসি টিভির খবর অনুযায়ী, ওবামা ৩০৩টি ও রমনি ২০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পয়েছেন। রাষ্ট্রপতি হতে দরকার ২৭০।এদিকে মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের সদস্য ও প্রভাবশালী কংগ্রেসম্যান ক্রিস্টোফার ভ্যান হোলেন দ্বিতীয় মেয়াদে বারাক ওবামা নির্বাচিত হওয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরও অগ্রগতি ও উন্নয়নে আশাবাদ ব্যক্ত করলেন।৬ নভেম্বর রাত আটটায় ভোট গ্রহণ বন্ধের দুই ঘণ্টার মধ্যে মেরিল্যান্ডের মন্টিগোমারি কাউন্টির হোটেল হিলটনে মুহুর্মুহু করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন ডেমোক্র্যাট দলীয় নেতা-কর্মীরা। এর মধ্যেই এই প্রভাবশালী কংগ্রেসম্যান এলেন। প্রথম আলোর কাছে ক্রিস্টোফার ভ্যান হোলেন নির্বাচন-পরবর্তী মন্তব্য করেন। নিজেই বললেন, তাঁর বাবা ছিলেন কূটনীতিক। ১৯৫৯ সালে করাচিতে তাঁর জন্ম। বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করলেন। মনে করা হচ্ছে, অর্থনৈতিক, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর হ্রাস, স্বাস্থ্যসেবা, অভিবাসন ইত্যাদি ইস্যুতে মিট রমনির বক্তব্য বিশ্বাসযোগ্যতা লাভ না করতে পারার পরিণতিতে ওবামা-বাইডেন জুটি প্রত্যাশার বিপরীতে সহজ জয় পেল।উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার আগেই ওবামার রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বী মিট রমনি তাঁকে অভিনন্দন জানান। বারাক ওবামাও নির্বাচন-পরবর্তী তাঁর প্রথম ভাষণে মিট রমনিকে তাঁর চমত্কার নির্বাচনী প্রচারাভিযানের জন্য অভিনন্দন জানিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই শীর্ষ প্রার্থীর মধ্যকার আলাপ-আলোচনা যথেষ্ট তিক্ত হয়ে পড়েছিল।রমনি নির্বাচনী পরাজয় মেনে বলেন, ‘আমি যদি নির্বাচিত হতাম তাহলে দেশকে ভালোভাবে নেতৃত্ব দিয়ে আপনাদের আশা পূরণ করতে পারতাম। কিন্তু জাতি অন্য একজনকে নেতা বেছে নিয়েছে। তাই আমি ও আমার স্ত্রী অ্যান প্রেসিডেন্ট ওবামা ও এই মহান জাতির মঙ্গলের জন্য প্রার্থনা করছি।’ এদিকে ওবামা মনোমালিন্য ভুলে রমনির সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’বাংলাদেশি নির্বাচিতনিউজার্সির প্লেইন্সবরোতে বাংলাদেশি কৃতী বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নূরন নবী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে কাউন্সিলম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর দলীয় অন্য সহ-প্রার্থী নিল লুইসও নির্বাচিত হয়েছেন। ড. নবী টেলিফোনে প্রথম আলোকে বলেন, শতকরা ৭০ ভাগ ভোট পেয়ে তাঁরা তাঁদের প্রতিপক্ষ রিপাবলিকান দলীয় মিজ ম্যারিওজি দোয়েল লিওন ও ভারতীয় বংশোদ্ভূত কৃষনা জগনাথনকে পরাস্ত করেছেন।