ওয়াশিংটনে চিঠি পাঠিয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ও মুখপাত্র ফররুখ আহমেদ বলেছেন, পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ে জানতে বাংলাদেশে অবস্থিত বিশ্বব্যাংকের কার্যালয়ে নয়, ওয়াশিংটনে প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।গতকাল বুধবার দুদক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফররুখ আহমেদ এ কথা বলেন। বিশ্বব্যাংক থেকে এখনো কোনো জবাব আসেনি জানিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো চিঠি বা উত্তর যদি দুদক চেয়ারম্যানের ব্যক্তিগত নামে এসে থাকে, তবে তা এখনো খোলা হয়নি।ফররুখ আহমেদ এ সময় আরও জানান, পদ্মা সেতু নিয়ে তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তবে দুদকে অন্য অনেক উচ্চপদস্থ কর্মকর্তা আছেন। তাঁরা তদন্ত কর্মকর্তার অনুপস্থিতিতে কাজ করছেন।সংবাদ সম্মেলনে ফররুখ আহমেদ জানান, গত সেপ্টেম্বর মাসে দুদকের কাছে মোট ৭৫১টি অভিযোগ এসেছে। এর মধ্য থেকে ১৫৯টি অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে। চারটি অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে ১০টি প্রতিবেদন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগস্ট মাসে প্রাপ্ত ৬৪৫টি অভিযোগের মধ্যে ১২৩টির অনুসন্ধান চলছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, সেপ্টেম্বর মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং ও জাল-জালিয়াতির অভিযোগে ২২টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এ মামলাগুলোতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন ব্যবসায়ী। এঁরা হচ্ছেন গিয়াসউদ্দিন আল মামুন, মেসার্স করিম অ্যান্ড করিম এন্টারপ্রাইজের মালিক মো. এ এস রেজাউল করিম, কিশোরগঞ্জের মেসার্স সাথী নির্মাণ সংস্থার মালিক মো. আতাউর রহমান, চট্টগ্রামের সিএসএস করপোরেশন (বিডি) লিমিটেডের পরিচালক আবু বক্কর চৌধুরী।জনপ্রতিনিধিদের মধ্যে আছেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মেয়র সাইফুল হক খান চৌধুরী এবং একই পৌরসভার কাউন্সিলর মো. আবদুর রশিদ। এ ছাড়া ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে যুক্তরাজ্যে চার লাখ ১৮ হাজার ব্রিটিশ পাউন্ড স্টার্লিং অবৈধভাবে জমা ও পাচারের মাধ্যমে সেখানকার ন্যাট ওয়েস্ট ব্যাংকে রাখার অভিযোগে মামলা করা হয়েছে।দুদক কর্মকর্তারা আরও জানান, এ ছাড়া সম্পদ বিবরণীতে ১১ লাখ ২৯ হাজার ৮৪০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ১৮ লাখ ৩৭ হাজার ২৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক আবু সালেহ মো. খুরশিদ আলমের বিরুদ্ধেও একটি মামলা হয়েছে।অর্থমন্ত্রীর আশাবাদ: পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন জটিলতার সুরাহা হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, ‘নানা তৎপরতা চালানো হচ্ছে। আশা করছি, খুব শিগগির বিষয়টির একটি সমাধান হবে।’সচিবালয়ে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেইন গোল্ডস্টেইনের সঙ্গে গতকাল অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের অর্থায়ন বিষয়ে ইতিবাচক কিছু একটা জানতে পারবেন আপনারা। এর বেশি তেমন কিছু বলতে পারছি না এখন।’