ওয়াশিংটনের পথে ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট দখল (অকুপাই ওয়াল স্ট্রিট) আন্দোলন এখন রাজপথে। নিউইয়র্ক থেকে রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশে পদযাত্রা শুরু হয়েছে। দীর্ঘ পদযাত্রার ঘোষণা দিয়ে বুধবার দুপুরে ২২ জনের একটি দলকে জুকুটি পার্ক ত্যাগ করতে দেখা যায়। প্রতিদিন ২০ মাইল করে পায়ে হেঁটে এ দলটি ২৩ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর কথা। নিউজার্সি, পেনসিলভানিয়া, ডেলওয়ার এবং মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মধ্য দিয়ে আন্দোলনকারীদের ২৪০ মাইল পথ পাড়ি দিতে হবে।নিউইয়র্ক থেকে ফেরি অতিক্রম করে নিউজার্সি পৌঁছার সময় পদযাত্রা ঘিরে কড়া পুলিশ পাহারা ছিল লক্ষণীয়। আন্দোলনকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্রের পতাকা, নেচে, গেয়ে, স্লোগান দিয়ে পদযাত্রাটি এগোতে থাকে নিউজার্সির মহাসড়ক ধরে। বিপুলসংখ্যক সংবাদকর্মী পদযাত্রাটিকে অনুসরণ করতে থাকেন। সড়কপথে লোকজন গাড়ি থামিয়ে, ভেঁপু বাজিয়ে পদযাত্রা দলটিকে সমর্থন জানাতে দেখা যায়। পদযাত্রা দলটি থেমে থেমে স্লোগান দিচ্ছিল। ‘আমরাই ৯৯ শতাংশ, এক শতাংশ ধনীরাই লোভী’—স্লোগান দিতে দিতে পদযাত্রাটি এলিজাবেথ শহরে পৌঁছে। স্থানীয় সমর্থনকারীরা পদযাত্রা দলটিকে শুকনো খাবার, সাবান, শ্যাম্পু, তাঁবু দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সন্ধ্যার পর এলিজাবেথ শহরে জমায়েত আন্দোলনকারীরা থেমে থেমে স্লোগান দিতে থাকে—দিস ইজ হাও ডেমোক্রেসি লুক লাইক, দিস ইজ হাও হিপোক্রেসি লুক লাইক।পদযাত্রায় অংশগ্রহণকারীদের রয়েছে বহনযোগ্য সোলার প্যানেল। সোলার প্যানেল ব্যবহার করে ল্যাপটপ, স্মার্টফোন চার্জ করে নেওয়া হচ্ছে। পদযাত্রার ফাঁকেই সামাজিক যোগাযোগ উয়েফ ফাইটের মাধ্যমে সর্বশেষ অবস্থা জানিয়ে দেওয়া হচ্ছে।নেতাবিহীন অকুপাই আন্দোলনের মতো পদযাত্রায়ও কোনো নেতা বা মুখপাত্র নেই। পদযাত্রায় যোগদানকারী কেলি ব্রানন জানান, রাজধানীর পথে দীর্ঘ পদযাত্রা কর্মসূচিতে আরও বহু লোক যোগ দেবে। বিষয়টি এক রোমাঞ্চকর অভিযাত্রার মতো অনুপ্রেরণার বলে জানালেন অন্য এক পদযাত্রী অকুপায়ার।প্রায় আড়াই শ মাইল পদযাত্রার পর ২৩ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে প্রতিবাদ সমাবেশ করার কথা তাদের। ২৩ নভেম্বর সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের দেওয়া বিত্তশালীদের কর মওকুফের মেয়াদ শেষ হওয়ার কথা। তবে উচ্চ আয়ের আমেরিকানদের কর রেয়াত সুবিধার মেয়াদ বর্ধিত করতে বাধ্য হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। ২৩ নভেম্বর উত্তীর্ণ হওয়ার পর পুনরায় মেয়াদ বর্ধিত করার প্রস্তাব করা হয়েছে, বিষয়টির প্রতিবাদ জানাতেই ২৩ নভেম্বরকে লক্ষ্য করে অকুপাই ওয়াল স্ট্রিট পদযাত্রার কর্মসূচি গ্রহণ করেছে।উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াল স্ট্রিট দখল আন্দোলন শুরু হয়েছে। পশ্চিমা পুঁজিবাদবিরোধী চেতনাই সরব হয়ে উঠেছে নতুন ধারার এ আন্দোলনে। নিউইয়র্কের বাণিজ্য কেন্দ্র ওয়াল স্ট্রিটের কাছাকাছি জুকুটি পার্কে দিন-রাত অবস্থান করছেন আন্দোলনকারীরা। দল ও নেতাবিহীন এ আন্দোলনে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সাধারণ জনতার সম্মিলিত ক্ষোভ ক্রমশ সোচ্চার হয়ে উঠছে।