ওয়াসফিয়া ঢাকায় ফিরছেন শুক্রবার
এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন আগামী শুক্রবার ঢাকায় ফিরছেন। আজ বুধবার সকালে নেপালের পর্যটন মন্ত্রণালয় থেকে এভারেস্ট জয়ের সনদ সংগ্রহ করবেন তিনি। কাঠমান্ডু থেকে গতকাল মঙ্গলবার ফোনে এসব তথ্য জানান ওয়াসফিয়া নাজরীন। ওয়াসফিয়াকে গত সোমবার সংবর্ধনা দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। এতে উপস্থিত ছিলেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিক, এক্সপিডিশন হিমালয়া ডট কমের ব্যবস্থাপনা পরিচালক নবীন ত্রিতাল।গত সোমবার নেপাল ট্যুরিজম বোর্ড সংবর্ধনা জানায় ওয়াসফিয়াকে। পৃথিবীর সাত মহাদেশের সাতটি পর্বতচূড়া আরোহণের জন্য ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ নামের যে কর্মসূচি ওয়াসফিয়া ঘোষণা করেছেন, তার প্রতি সমর্থন দিয়েছে এই সংস্থা। অনুষ্ঠানে ট্যুরিজম বোর্ডের পক্ষে সারদ প্রধান, হিমালয়ান ক্লাইমেট ইনিশিয়েটিভের প্রশান্ত সিং ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি আক্কু চৌধুরী বক্তব্য দেন। ওয়াসফিয়ার সেভেন সামিট কর্মসূচিতে নেপালের এভারেস্ট উইমেন সেভেন সামিট ইকো অ্যাকশনও সমর্থন দিয়েছে।গত ২৬ মে এভারেস্ট জয় করার পর ৩ জুন কাঠমান্ডু আসেন ওয়াসফিয়া।