ওয়াসফিয়ার রক্তেই যেন মিশে আছে রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসফিয়া নাজরীনের অভিযানের নেশা শৈশব থেকে। রোমাঞ্চে জড়ানো যেন মিশে আছে তাঁর রক্তে। পাহাড়ে আরোহণ, খরস্রোতা পাহাড়ি নদীতে রাবারের নৌকা চালানো, গ্লাইডারে ওড়া—রোমাঞ্চকর সব অভিযান জমে আছে তাঁর অভিজ্ঞতার ভান্ডারে।চলতি বছরের ২৬ মার্চ এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন তিনি। আজ সকালে এভারেস্ট চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানোর মধ্য দিয়ে শেষ হলো ওয়াসফিয়ার অভিযান।ওয়াসফিয়ার দাদার বাড়ি ফেনীতে। জন্ম ঢাকায়। এরপর খুলনায়। বয়স যখন পাঁচ, তখন তিনি চট্টগ্রামে। চট্টগ্রামে বড় হওয়া, পার্বত্য চট্টগ্রামে পাহাড় বাওয়া।২০০০ সালে ওয়াসফিয়া চলে যান যুক্তরাষ্ট্রে। আটলান্টায় শুরু করেন পড়াশোনা। এ সময় মানবতার পক্ষে নানা রকম আন্দোলনের কর্মী হিসেবে ছিলেন। ইরাক যুদ্ধবিরোধী প্রচারণা, মানবতার পক্ষে বিভিন্ন প্রচারণায় অংশ নিতেন ওয়াসফিয়া। আন্দোলনের প্রকাশটা ছিল আলাদা—কখনো যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড নিয়ে দড়ি বেঁধে ৩৫০ মিটার উঁচু দালানে ওঠানামা করেছেন, আবার কখনো বোঝা নিয়ে দেয়াল বেয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ওয়াসফিয়া যান স্কটল্যান্ডে। পড়ার বিষয় সামাজিক মনোবিজ্ঞান ও স্টুডিও আর্ট। তাঁর ইচ্ছা ছিল ব্রডওয়ে থিয়েটারে কাজ করার। কিন্তু বৃত্তির শর্তের কারণে তা আর হয়ে ওঠেনি। ভারত, ভুটান, নেপাল ও তিব্বতের পাহাড়-পর্বতে শুরু হয় তাঁর ঘোরাফেরা। ধীরে ধীরে উঁচু পর্বতে ওঠা শুরু হয় ওয়াসফিয়ার। ২০০৯ সালে নেপালের লু রি, পরের বছর আইল্যান্ড পিক জয় করেন তিনি। এ দুটি পর্বতেরই উচ্চতা ছয় হাজার মিটারের ওপর।ওয়াসফিয়া সবার নজরে আসেন গত বছরের ২৬ মার্চ। তিনি অনলাইনে সেভেন সামিট জয় করার ঘোষণা দেন। কয়েক মাস পর বাংলাদেশ অন সেভেন সামিটের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এ অভিযানে সমর্থন জানায় মুক্তিযুদ্ধ জাদুঘর। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বিশ্বশান্তি, বাংলার নারীর শক্তিমত্তার পরিচয় দুনিয়ার বুকে তুলে ধরাই এ অভিযানের লক্ষ্য।গত বছর জুলাইয়ে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলবার্স অভিযানে সফল হননি, চূড়ার মাত্র ৩০০ মিটার নিচ থেকে নেমে আসতে হয়েছিল তাঁকে। তবে ২ অক্টোবর জয় করেন আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারো। গত বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ অ্যাকোনকাগুয়া চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান ওয়াসফিয়া।