ওয়াসা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়াসার চেয়ারম্যানের নেতৃত্বাধীন নিয়োগসহ সব কমিটি বাতিল করে দিয়েছে।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘ওয়াসার বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ উপায়ে শত কোটি টাকার সম্পদ অর্জনসহ বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। কমিশন গত বছরের ৮ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নেয়।’অবশ্য ওয়াসা চেয়ারম্যান দাবি করেছেন, সব অভিযোগ মিথ্যা।দুদক সূত্র জানায়, গোলাম মোস্তফার বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে তাঁর নামে মিরপুরে পাঁচ কাঠা জমিতে সাত কোটি ৩৫ লাখ টাকার ছয়তলা ভবন, ধানমন্ডিতে এক কোটি ৫৪ লাখ টাকার ফ্ল্যাট, বারিধারায় ১০ কাঠা জমিতে ২৫ কোটি (বর্তমান বাজারমূল্য) টাকার আটতলা ভবন, উত্তরায় পাঁচ কাঠা জমিতে স্ত্রীর নামে ১০ কোটি টাকার ছয়তলা বাড়ি, প্রাইম ব্যাংকের উত্তরা শাখায় স্ত্রীর নামে ৫০ লাখ টাকার এফডিআর, গ্রামের বাড়ি ঝিনাইদহে প্রায় ৮০ বিঘা জমি।সূত্র আরও জানায়, গোলাম মোস্তফার বিরুদ্ধে ওয়াসার ড্রেনেজ সার্কেলের ১২০ কোটি টাকার প্রকল্পের ১৫ শতাংশ অর্থ ঠিকাদারদের কাছ থেকে নেওয়ার এবং ৫৪৭টি জেনারেটর কেনার দরপত্রে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে সরকারের ৩০ কোটি টাকার ক্ষতি করার ও নিজে লাভবান হওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে তিনি টাকা নিয়ে ১০ জন পরিদর্শক নিয়োগ দিয়েছেন।ওয়াসা সূত্র জানায়, গোলাম মোস্তফা বোর্ড চেয়ারম্যান হিসেবে যোগ দেন ২০০৯ সালের ৯ এপ্রিল। ওই বছরের ১০ আগস্ট মেসার্স এসএমইসি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড বিশ্বব্যাংকের অর্থায়নে ওয়াসার একটি প্রকল্পের পরামর্শকের কাজ বাবদ ১৯ লাখ ৪০ হাজার ৯২৫ টাকা বিল তোলে। এই পরামর্শক প্রতিষ্ঠানটি গোলাম মোস্তফার। বিষয়টি জানাজানি হলে বিশ্বব্যাংক এসএমইসি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত ঘোষণা করে। বিশ্বব্যাংকের তৎকালীন আবাসিক কর্তৃপক্ষ বিষয়টি ওয়াসাকে লিখিতভাবে জানায়।নিয়োগের ক্ষেত্রে অভিযোগ: ওয়াসা সূত্র জানায়, ওয়াসায় নিয়োগ-সংক্রান্ত সব কমিটির প্রধান ছিলেন চেয়ারম্যান। ২০০৯ সালের ১৪ অক্টোবর ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তাকসিম এ খান নিয়োগ পান। ওই নিয়োগের অনুমোদনপত্রে চেয়ারম্যানকে সতর্ক করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বলে, ‘ভবিষ্যতে চুক্তিভিত্তিক নিয়োগকালে পরীক্ষা ও নম্বর প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।’ এর দেড় মাসের মাথায় ওয়াসায় উপব্যবস্থাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সরকারি কর্মচারী নিয়োগ বিধিমালা না মানায় তা মন্ত্রণালয় বাতিল করে। মন্ত্রণালয় গত বছরের ১৮ ডিসেম্বর এক চিঠিতে ওয়াসার চেয়ারম্যানের নেতৃত্বাধীন সব কমিটি বাতিল করে। একই সঙ্গে নিয়োগ-প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে উল্লেখ করে আগের সব নিয়োগ বাতিল করা হয়। চিঠিতে নিয়োগ কমিটির দায়িত্ব পালনের জন্য ওয়াসার সচিবকে নির্দেশ দেওয়া হয়।দুদকের অনুসন্ধান ও অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওয়াসার চেয়ারম্যান দাবি করেন, ‘এগুলো সব মিথ্যা। ২০১০ সালে একবার অনুসন্ধান করে দুদক। কিন্তু গত বছরের অনুসন্ধান সম্পর্কে আমার কাছে কোনো চিঠিপত্র আসেনি।’ তাঁর নেতৃত্বাধীন নিয়োগ কমিটি বাতিল করা প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু দুষ্টু লোক মন্ত্রণালয়কে উল্টাপাল্টা বুঝিয়েছে। তারাই কী সব অভিযোগ করেছে, কে জানে। তবে নিয়োগ কমিটির জন্য ১৩ সদস্যের বোর্ডই সব কিছু। এখন মন্ত্রণালয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রধান করে কমিটি করেছে।’গোলাম মোস্তফা জানান, এসব ‘দুষ্টু’ লোক প্রতিষ্ঠানের ভেতরের। তাদের কয়েকজনকে চিহ্নিত করে শাস্তিও দেওয়া হয়েছে।