ওয়াসার কোনো সমন্বিত পরিকল্পনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একপশলা ভারী বৃষ্টি হলেই ঢাকা শহর ঘোলাপানির এঁদো ডোবায় পরিণত হয়। এই বাস্তবতা এখন রাজধানীবাসীর জীবনে প্রায় ধ্রুব সত্য। সেই বদ্ধ পানি নামতে নামতে কোনো এলাকায় সারা দিন লেগে যায়। কোথাও দিনের পর দিন আটকেই থাকে। পচে পুঁতিগন্ধ আর রোগজীবাণু ছড়ায়। দূষিত করে তোলে পরিবেশ। নিরুপায় নাগরিকদের এর মধ্য দিয়েই চলাফেরা করতে হয়। টেনে নিতে হয় জীবনযাত্রা। বর্ষাকাল তাই এই নগরে বাড়তি দুর্যোগের কারণও। আবার এল সেই বৃষ্টি-বাদলের মৌসুম। এ বছর এখনো তেমন ভারী বর্ষণ শুরু হয়নি। তবে প্রবল বর্ষণ শুরু হলে নিশ্চিত জলাবদ্ধার দুর্ভোগ অপেক্ষা করছে নগরবাসীর জীবনে।গত বছর এই জুলাই মাসেই এক দিনের বৃষ্টিতে পুরো শহর তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পানি নিষ্কাশনের জন্য শহরের ভেতরে যেসব খাল-বিল-জলাশয় ছিল ভরাট আর দখলে, সেগুলো গতিরুদ্ধ। অনেকগুলোর অস্তিত্বই নেই। বর্ষার জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লে সরকারের এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের ওপর দোষ চাপায়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি।যেমন টাকা তেমন কাজ: মহানগরের জলাবদ্ধতা দূর করতে ওয়াসা কী করছে? এই প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তার জবাব, ‘ওয়াসার নীতি হলো “কাট ইওর কোট, অ্যাকর্ডিং টু ইউর ক্লথ”। অর্থাৎ যেমন টাকা তেমন কাজ। যখন যেখানে সমস্যা, তখন সেখানে সমাধান। এ বছর যেমন খালগুলোর ময়লা পরিষ্কার করা হয়েছে, কিছু উচ্ছেদ অভিযানও চলছে।’ওয়াসার বিভিন্ন বিভাগে খোঁজ নিয়ে ওই কর্মকর্তার বক্তব্যের সত্যতা পাওয়া যায়। জানা গেছে, জলাবদ্ধতা দূরীকরণে প্রতিষ্ঠানটির কোনো সমন্বিত পরিকল্পনা নেই। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে থাকা ২৬টি খালের ১৪টি এখনো ‘ত্রুটিযুক্ত’। এই খালগুলোর ওপর অবৈধ স্থাপনা আছে, কোনো কোনোটি ময়লা জমে পানি নিষ্কাশনের অনুপযুক্ত হয়ে পড়েছে, কোথাও সরকারের অন্য সংস্থা রাস্তাঘাট নির্মাণ করে বসে আছে ওয়াসার অনুমতি না নিয়েই। সবশেষ খবর হলো, ওয়াসা একাধিক প্রকল্প নিয়ে এগোচ্ছে। তবে সুফল কবে নাগাদ পাওয়া যাবে, তার কোনো নিশ্চয়তা নেই।পথের বাধা: নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা দেখা গেছে দুটি রাস্তাকে কেন্দ্র করে। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানান, মিরপুর-১২ স্টাফ কলেজ থেকে জিয়া কলোনি পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ যে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, তার ফলে ইব্রাহীমপুর খালের দুই পাশের লোকজন জলাবদ্ধতায় পড়তে পারে। তাঁরা একাধিকবার ওই রাস্তা পরিদর্শন করেছেন। পুরো মিরপুরের পানি ইব্রাহীমপুর, বাউনিয়া হয়ে আবদুল্লাহপুর খালে গিয়ে পড়ে।এ ছাড়া সম্প্রতি রাজউক কুড়িল থেকে পূর্বাচলের দিকে ৩০০ ফুট মাটি ভরাট করে যে রাস্তা তৈরির উদ্যোগ নিচ্ছে, সেটিতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এলাকাবাসী জানান, জিয়া কলোনি পর্যন্ত বিস্তৃত রাস্তাটি নির্মাণের সুবিধার্থে একটিমাত্র বড় পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিল গত বছর। তাতে মিরপুরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। তবে তাঁরা জানতে পেরেছেন, এখানে ছয়টি পাইপ বসানো হবে।এ বিষয়ে রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের বক্তব্য হলো, তারা রাস্তাটি তৈরির সময় পানি নিষ্কাশনের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে। বাউনিয়া খালের কাছে অস্থায়ী অফিসে অবস্থানরত বিভাগটির কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের নকশায় ৩৫ মিটার প্রশস্ত খাল রাখা হয়েছে। রাস্তার মধ্যে পড়া ৭৫ ফুট দীর্ঘ খালটির কোথাও যেন কোনো সমস্যা না থাকে, সেটি দেখার জন্য ওয়াসাকে অনুরোধ জানানো হয়েছে। আর অপর রাস্তাটির ব্যাপারে রাজউক ওয়াসার সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে।জোড়াতালির পালা: সূত্র জানায়, জলাবদ্ধতা দূরীকরণের দায়িত্ব যে প্রতিষ্ঠানটির, সেই ঢাকা ওয়াসা কাজ করছে জোড়াতালি দিয়ে। যেমন—২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়াসার ‘জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’ চলছিল। এটির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওলিউল্লাহ শিকদার প্রথম আলোকে জানান, ২৬টি খালই উন্নয়নের পরিকল্পনা ছিল। কিন্তু কোনো খালেই পুরোপুরি সংস্কার করা হচ্ছে না। যখন যেমন প্রয়োজন, সে অনুসারে বিভিন্ন জায়গায় সংস্কার করা হচ্ছে।’উচ্ছেদের পর আবার দখল: যেসব জায়গায় ওয়াসা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে, সেখানে আবার নতুন করে স্থাপনা উঠেছে সে কথা ওয়াসা জানে। ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ অভিযান চালালেও প্রতিষ্ঠানটির নথিতেই দেখা গেছে, এখনো ২ দশমিক ৯৪ কিলোমিটার দীর্ঘ রামচন্দ্রপুর খালটির ওপর মোহাম্মদিয়া মুক্তিযোদ্ধা সমিতির সদস্যদের বস্তি, ইব্রাহীমপুর খালে ইব্রাহীমপুর থেকে কচুক্ষেত পর্যন্ত উজানে সাতটি বহুতল ভবন আছে। ২ দশমিক ২৫৬ কিলোমিটার দীর্ঘ কল্যাণপুর প্রধান খালের একটি অংশে সড়ক ও জনপথ বিভাগ ‘ফিলিং স্টেশন’ করার অনুমতি দেওয়ায় খালের প্রবাহপথ সরু হয়ে গেছে। কল্যাণপুর খালে সাবেক সাংসদ এস এ খালেক নিজেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন—এমন অঙ্গীকারনামা দেওয়ায় ভূমি অধিগ্রহণ করা হয়নি। রূপনগর খালের শাখা ২ ও ৩ দখল হয়ে গেছে। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ জিরানি খালের চার কিলোমিটার জায়গায় অবৈধ স্থাপনা, রাস্তাঘাট আছে। এ ছাড়া হাজারীবাগ, কসাইবাড়ী, সাংবাদিক কলোনি ও বাইশটেকি খাল অধিগ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছে ওয়াসা।অবৈধভাবে খাল ভরাটের জন্য ওয়াসা সাধারণ মানুষ, প্রভাবশালী ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান—সবাইকে দায়ী করেছে। ওয়াসার ড্রেনেজ বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকা সিটি করপোরেশন রামচন্দ্রপুর খালের এক অংশ ভরাট করে রাস্তা তৈরি করে ফেলেছে। অন্যান্য বিভাগও কোনো স্থাপনা নির্মাণের সময় ওয়াসার পরামর্শ নেয় না। তবে, সরেজমিন ঘুরে দেখার সময় ঢাকার বিভিন্ন খালপাড়ের বাসিন্দারা ওয়াসার বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছে। মিরপুর ১৩ নম্বরের বাইশটেকি খালটি ভরাট হতে হতে এখন একটি নালায় পরিণত হয়েছে। খালটিতে ময়লা জমে প্রায়ই পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, বছর পাঁচেক আগেও এ এলাকায় জলাবদ্ধতা হতো না। গত বছর এক দিনের বৃষ্টিতে এখানে কোমরসমান পানি উঠেছিল। তিনি জানান, সাত-আট বছর ধরে এ এলাকায় আছেন, ওয়াসার লোকজনকে কখনো আসতে দেখেননি। এলাকার লোকজন চাঁদা তুলে নিজেরাই মাঝে মাঝে খাল পরিষ্কার করে।মিরপুরের পানি নিষ্কাশনকারী অপর খাল রূপনগরেরও একই অবস্থা। মিরপুরের কালশিতে প্রায় ১০০ ফুট চওড়া রাস্তা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা নির্মাণের সময় তাঁরা শুনেছিলেন যে এর নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ার ব্যবস্থা আছে। কিন্তু রাস্তা করার পর জলাবদ্ধতার সমস্যা প্রকট হয়েছে। রাস্তার পাশে চিকন নালা রয়েছে কোথাও কোথাও, কোথাও নালাটিও নেই। এলাকার লোকজন জলাবদ্ধতায় পড়ছে কি না, তা নিয়ে ওয়াসার কোনো মাথাব্যথা আছে বলে মনে করেন না স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রাজ্জাক জানান, রাস্তার দুই পাশে পয়োনালা আছে, কিন্তু সেগুলো নানা কারণে অকেজো হয়ে গেছে। এই বর্ষার পর সংস্কারকাজ শুরু হবে।ওয়াসার ভাষ্য: এদিকে এ বিষয়ে ওয়াসার বক্তব্য হলো, তারা খাল রক্ষায় পুলিশি প্রহরা বসাতে পারে না, খালগুলো কে দেখবে? ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে জানান, বিশ্বব্যাংকের সহযোগিতায় খিলগাঁও-বাসাবো খাল, রামচন্দ্রপুর খাল ও আবদুল্লাহপুর খালের পাড় বেেঁধ দেওয়ার কাজ চলছে। তবে কবে নাগাদ ২৬টি খাল দখলমুক্ত হবে, তার কোনো নিশ্চয়তা দিতে পারেননি স্বয়ং ব্যবস্থাপনা পরিচালকও।