ওয়াসার ঠিকাদার খুনের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার ঠিকাদার জিয়াউল ইসলামকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম ওরফে আলী নূর (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সকালে টঙ্গী সদরে তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আজ দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ ব্রিফিংয়ে রফিকুল ইসলামের উপস্থিতিতে এসব তথ্য জানানো হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম জানান, রফিকুলের কাছ থেকে জিয়াউলের মুঠোফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।মনিরুল ইসলাম আরও জানান, জিজ্ঞাসাবাদে রফিকুল জানিয়েছে যে জিয়াউল তাঁর ঘনিষ্ঠ বন্ধু। প্রায়ই তিনি কাঁঠালবাগানের ওই বাসায় যেতেন। গত বৃহস্পতিবার রাতে তিনি জিয়াউলের সঙ্গে ওই বাসায় যান এবং তাঁরা একসঙ্গে মদ্যপান করেন। রাত তিনটার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে তিনি জিয়াউলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। পরে জিয়াউল নিস্তেজ হয়ে পড়লে তাঁর হাত বাঁধেন এবং শ্বাসরোধ করে হত্যা করেন। সকালে তিনি জিয়াউলের মোটরসাইকেল নিয়ে টঙ্গী চলে যান। রফিকুল সাংবাদিকদের জানান, তিনি তিতুমীর কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। ছয় মাস আগে জিয়াউলের সঙ্গে তাঁর পরিচয় হয়। রফিকুল দাবি করেন, জিয়াউল সমকামী ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁর বাসায় যাওয়ার পর জিয়াউল তাঁকে জোর করে মদ্যপান করান। পরে তাঁকে সমকামিতায় বাধ্য করার চেষ্টা চালান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি তাঁকে হাতুড়ি নিয়ে আঘাত করেন। গতকাল কাঁঠালবাগানে নিজের বাসা থেকে ঢাকা ওয়াসার ঠিকাদার জিয়াউল ইসলামের লাশ উদ্ধার করা হয়।