ওয়াসার পানিতে আবার দুর্গন্ধ সামনে বাড়বে সংকটও
‘দ্যাখেন, অন্য বছর আরও দেরিতে পানিতে দুর্গন্ধ পাই। এবার আগেই সেই অবস্থা। ওয়াসার পানি সিদ্ধ করলে ময়লা ফেনা উঠে। এই পানি খাওন যায় না।’রাজধানীর প্রধান বাণিজ্যিক এলাকা মতিঝিল থেকে মাত্র আধা কিলোমিটার দূরের অভয় দাস লেনের একজন গৃহকর্ত্রী সুলতানা বেগম এভাবেই তুলে ধরলেন ওয়াসার পানির হাল নিয়ে তাঁর মত।সুলতানা বেগমের কথার সূত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়, নগরের আরও কিছু এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ দেখা দিয়েছে। কোনো কোনো পাড়া-মহল্লায় কল খুললেই আসছে ঘোলা ময়লা পানি। খাওয়ার অযোগ্য এই পানি থেকে বাঁচতে অনেকে বোতলজাত পানি কিনছেন। কিন্তু যাঁদের সংগতি নেই, সেই সংখ্যাগরিষ্ঠ মানুষকে ওয়াসার পানি পান করতে এবং গৃহস্থালির কাজ সারতে হচ্ছে।এদিকে বর্তমানে পানিতে দুর্গন্ধ থাকলেও সামনে সমস্যা বেড়ে যোগ হতে যাচ্ছে পানির অভাবও। কারণ, শুকনো মৌসুমে বিভিন্ন স্থানে ক্রমে পানির স্তর নেমে যাওয়া ছাড়াও লোডশেডিংয়ের কারণে পাম্প বন্ধ থেকে ওয়াসার পানি উত্তোলনের ক্ষমতা কমে যাবে।্র পানির রূপে ভোগান্তি: মুগদাপাড়ার মদীনাবাগ এলাকার বাসিন্দা আবদুস সাত্তার বলেন, ‘খাওয়া দূরে থাক, এই এলাকায় পানিতে গোসল করতেও ঘেন্না লাগে।’আবদুস সাত্তার প্রতিদিন বোতলজাত পানি কেনেন। অথচ ওয়াসাকে ঠিকই পানির বিল দিতে হয়।নগরের আরও কিছু এলাকার বাসিন্দারা টেলিফোনে বা সরাসরি তাঁদের পানির সমস্যা নিয়ে অভিযোগ জানান। শান্তিবাগ এলাকার মানুষ এখন সবচেয়ে অশান্তিময় দিন কাটাচ্ছে—এমন বক্তব্য গৃহিণী তসলিমা আখতারের। কণ্ঠে রাজ্যের হতাশা আর ক্ষোভ ঢেলে তিনি বললেন, ‘পানিতে পয়োবর্জ্যের গন্ধ। এর মতো কষ্ট পৃথিবীতে কী আছে?’মান্ডার বাসিন্দা মো. শাহ আলমের পরিবারে চর্মরোগ দেখা দিয়েছে। চিকিৎসক বলেছেন, দূষিত পানি ব্যবহারই এর কারণ। এ ছাড়া পুরানা পল্টন লাইন, বাসাবো, কদমতলা, মাদারটেক, সিপাহীবাগ, মেরাদিয়া, ভুঁইয়াপাড়া, মালিবাগ, তাঁতীবাজার, রাজার দেউড়িসহ পুরান ঢাকার অনেক এলাকা এবং বৃহত্তর মিরপুরসহ বিভিন্ন স্থানে পানিতে দুর্গন্ধ দেখা দিয়েছে।খিলগাঁও প্রভাতীবাগের বাসিন্দা আখতার হোসেন অভিযোগ করেন, পনেরো দিন ধরে পানিতে দুর্গন্ধ। এক সপ্তাহ আগে অভিযোগ জানানো হলেও ওয়াসার কোনো লোক আসেনি। পানির মধ্যে দুর্গন্ধ ছাড়াও তা কালো ফেনাযুক্ত বলে জানান তিনি।রাজার দেউড়ির একটি রেস্তোরাঁ থেকে অভিযোগ করা হয়, তাঁরা ৫০ টাকা কেজি দরে চাল কিনে রান্না করেন। কিন্তু খদ্দেররা খেতে গিয়ে গালাগাল করছেন, পচা চাল কেনার অভিযোগ করছেন।গোপীবাগ, অভয় দাস লেন, মুগদা, মানিকনগরসহ অনেক এলাকায় পানি বিশুদ্ধ করার জন্য ফিটকিরি বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে।বিশেষজ্ঞ মত: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক পানি বিশেষজ্ঞ মুজিবুর রহমান পানিতে দুর্গন্ধের বিষয়ে বললেন, শীতলক্ষ্যা নদীর পানিতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া ও অ্যালজি (সরল জলজ অণুজীব) রয়েছে। এগুলো ধ্বংস করার জন্য অতিরিক্ত হারে ক্লোরিন ও অ্যালুমিনিয়াম সালফার ব্যবহার করা হয়ে থাকে। মুজিবুর রহমান বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আগামী এপ্রিল পর্যন্ত আমাদের এই দুর্গন্ধ বা ময়লা পানির ভোগান্তি সইতে হবে।’ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, সায়েদাবাদ শোধনাগারের পানি যেসব এলাকায় যায়, সেখানে পানিতে দুর্গন্ধ থাকতে পারে নদীর দূষণের কারণে। দূষণ কমাতে সপ্তাহ খানেক ধরে সায়েদাবাদ শোধনাগারে পানিতে বেশি করে রাসায়নিক পদার্থ দিতে হচ্ছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, তাঁর ফকিরের পুলের বাসভবনেও সায়েদাবাদের পানি সরবরাহ করা হয়। তবে সেখানে এখনো পানি ভালো আছে।কর্তৃপক্ষের অভিযোগ: বাড়ির মালিকদের দায়িত্বহীনতাও কোনো কোনো ক্ষেত্রে পানির দুর্গন্ধ ও নিম্নমানের জন্য দায়ী বলে দাবি করছে ওয়াসা। সংস্থাটির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ‘পানিতে দুর্গন্ধের অভিযোগটা এবার একটু তাড়াতাড়ি আসছে। তবে যে এলাকা থেকে যত অভিযোগই আসে, দ্রুত ব্যবস্থা নিতে ওয়াসার আঞ্চলিক কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া আছে।’ওই কর্মকর্তা আরও বলেন, প্রতিকারের উপায় থাকলে প্রতিকার করা হয়। কিছু কিছু এলাকায় নির্দিষ্ট দু-একটি বাড়িতে বাড়ির লোকজনের দোষেই পানিতে গন্ধ পাওয়া যায়—এ অভিযোগ করে তিনি বলেন, বছর দুয়েক আগে মালিবাগে লোক পাঠিয়ে পাঁচটি বাড়ির পানি পরীক্ষা করে শুধু একটি বাড়ির পানিতে জীবাণুমুক্ত করার রাসায়নিক পদার্থ ক্লোরিনের গন্ধ পাওয়া গেছে। আরেকটি বাড়িতে পানির বালতিতে কেঁচো পাওয়ার কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, বাড়িটির রিজার্ভ ট্যাংক অনেক দিন পরিষ্কার করা হয়নি। তা ছাড়া ছাদে পানির ট্যাংকের ঢাকনা থাকে খোলা।আরও কারণ: ওয়াসা সূত্র জানায়, একেক এলাকায় পানিতে দুর্গন্ধ হওয়ার একেক কারণ থাকতে পারে। ঢাকার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পানি পাওয়ার জন্য অদক্ষ লোক দিয়ে পাইপ ফুটো করে অবৈধভাবে সংযোগ নেওয়া হয়। এসব ফুটো দিয়ে ওয়াসার পানিতে ময়লা ঢোকে। পাইপের এসব ছিদ্র খুঁজে বের করে মেরামত করা সময়সাপেক্ষ। লাইনে পানির প্রবাহ কম থাকলে সেই ছিদ্রপথে পয়োবর্জ্যসহ বাইরের ময়লা ঢুকে পড়ে।্র আসছে পানির সংকট: ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুকনো মৌসুমে ওয়াসার পানির উৎপাদন কিছু কমে যায়, কারণ মিরপুরসহ বিভিন্ন এলাকায় পানির স্তর নিচে নেমে যায়। এ জন্য কিছুদিন পর পানির সমস্যা কিছু বাড়তে পারে। তিনি বলেন, বর্তমানে ওয়াসার শোধনাগার ও ৫৬৩টি গভীর নলকূপ থেকে ২০০ কোটি লিটারের মতো পানি পাওয়া যায়। সামনে পানির চাহিদা বাড়বে কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার কারণে উৎপাদন কমে যাবে। এ ছাড়া বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে অনেক পাম্প বন্ধ হয়ে যায়। এ জন্যও পানির সমস্যা দেখা দেবে। গরম বাড়লে সমস্যা বাড়বে বলে তিনি স্বীকার করেন।বুয়েটের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পানির স্তর নিচে নেমে গেলে কোথাও কোথাও পানির উৎপাদনক্ষমতা এক-তৃতীয়াংশেও নেমে যায়। তখন জোর করে পাম্প চালাতে গেলে পানির পরিবর্তে বালু উঠে আসবে। এতে করে অনেক টাকা খরচ করে বসানো পাম্প বিকল হয়ে যেতে বাধ্য।অধ্যাপক মুজিবুর রহমানের মতে, প্রতিবছর এই সংকট বাড়বে। তাই ভূ-উপরিস্থ পানি সরবরাহের ব্যবস্থা করতেই হবে।