ওয়াসার বিল পরিশোধ রবির মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে মুঠোফোনের মাধ্যমে ওয়াসার পানি ও পয়োনিষ্কাশন বিল পরিশোধ করতে পারবেন গ্রাহকেরা। মুঠোফোন অপারেটর ‘রবি’র সংযোগ ব্যবহারকারীরা এবং অন্যান্য অপারেটরের সংযোগ ব্যবহারকারীরা স্থানীয় ‘রবি অর্থ’ লোগো সংবলিত ইজি লোড পয়েন্টে বিলের কপি দেখিয়ে বিল পরিশোধ করতে পারবেন।আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারের ওয়াসা ভবনের সম্মেলনকক্ষে রবি ও ওয়াসা কর্তৃপক্ষ এ বিষয়ে একটি চুক্তি সই করেছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে এ চুক্তি সই ও সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পক্ষে ওয়াসা তার ভূমিকা পালন করছে। তিনি মনে করেন এতে গ্রাহকের হয়রানি অনেকাংশে কমে যাবে। এ সময় রবির ভাইস প্রেসিডেন্ট ও উন্নয়ন বিভাগের প্রধান খালেদুর র. দেওয়ান, ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) সৈয়দ গোলাম আহম্মদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।