ওয়েস্ট ইন্ডিজ যেন জেতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে লজ্জায় ডুবিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ক্রিকেট-মান ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন গেইল-রোচ-স্যামিরা। কোয়ার্টার ফাইনালে উঠতে নেট রানরেট হয়ে উঠতে পারে অতি প্রয়োজনীয়। কিন্তু বাংলাদেশ দলের নেট রানরেটের যে কদর্য চেহারা, সেটার কারণও তো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল লারার উত্তরসূরিরা।তবু এই ওয়েস্ট ইন্ডিজেরই সমর্থক হয়ে যান। মঙ্গল প্রার্থনা করুন! প্রার্থনা করুন, ১৭ মার্চ ওয়েস্ট ইন্ডিজ যেন ইংল্যান্ডকে হারিয়ে দেয়। আসলে এই প্রার্থনা ওয়েস্ট ইন্ডিজের জন্য নয়, এটি বাংলাদেশ দলের জন্যই। বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়া না-যাওয়া যে অনেকাংশে নির্ভর করছে ওই ম্যাচের ওপর। আগামীকাল বাংলাদেশ যদি হল্যান্ডকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে ১৭ মার্চ চেন্নাইতে ইংল্যান্ড হেরে গেলেই বাংলাদেশ উঠে যাবে কোয়ার্টার ফাইনালে।এ কারণেই, হোক না ওয়েস্ট ইন্ডিজ আমাদের ক্রিকেটের সবচেয়ে লজ্জার অধ্যায়টির জন্মদাতা, তাদের মঙ্গল কামনাই করুন। ক্রিস গেইল যেন দ্রুত চোট সেরে সুস্থ হয়ে উঠেন বৃহস্পতিবারের আগেই। বৃহস্পতিবারই যে বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ সেই ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচ। এ ম্যাচে ব্যাটিং করতে নামবেন কাইরন পোলার্ড। টিভি সেটের সামনে বসে প্রার্থনা শুরু করে দেবে বাংলাদেশের মানুষ—এদিনও যেন রানের ফোয়ারা ছোটে তাঁর ব্যাটে। প্রার্থনা থাকবে কেমার রোচের আরও একটা হ্যাটট্রিক অথবা দুর্দান্ত একটা স্পেলের। ইংল্যান্ডের পরাজয়ে প্রাণভোমরা তো লুকিয়ে গেইল-পোলার্ড-রোচদের ভালো পারফরম্যান্সেই।তবে ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রার্থনা করার আগে পূরণ হতে হবে আরেকটি সহজ আশা। হল্যান্ডের বিপক্ষে জিততে হবে বাংলাদেশের। সেই জয়টা যত সহজে আসে, যত বেশি রান রেট বাড়িয়ে নেওয়া যায়, ততই মঙ্গল। এদিকে আয়ারল্যান্ডও বাঁচিয়ে রেখেছে তাদের সম্ভাবনা। আইরিশদের পতনের দিকেও বসে থাকতে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ড যেন জিততে না পারে।দক্ষিণ আফ্রিকা ও হল্যান্ডের বিপক্ষে যদি আইরিশরা জিতেই যায়, তাহলে সব ঠিকঠাক মতো এগোলে বাংলাদেশ-আয়ারল্যান্ডের পয়েন্ট হয়ে যাবে সমান। সে ক্ষেত্রে রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশেকে পেছনে ফেলতে পারে আইরিশরা। এত সব সমীকরণের জাল ছিঁড়ে কি কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে বাংলাদেশ? প্রার্থনায় বসতে হবে এ জন্যই। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলে প্রার্থনায় বসে যেতে হবে—বাংলাদেশ জিতুক, ওয়েস্ট ইন্ডিজ জিতুক। হেরে যাক ইংল্যান্ড, হেরে যাক আয়ারল্যান্ড।