ওয়েস্ট ইন্ডিজের হাতে ঢাকা টেস্টের নাটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষা কখনো কখনো মধুরও হয়। তবে বেশির ভাগ সময়ই তা যন্ত্রণার। ক্লান্তিকরও বটে। এই টেস্টে বাংলাদেশ দল এখন সেই ক্লান্তিকর অপেক্ষায়। কখন ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ?অপেক্ষার এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ ছিল একটাই। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়া। কাল তা হয়নি, তবে সেই আশা তো আজও থাকছে।আসলেই কি তা-ই? তৃতীয় দিনে বাংলাদেশের দুধভাত বোলিং সেই আশার গুড়ে বালি নয়, কাঁকর ছিটিয়ে দিয়েছে। প্রশ্নটা সম্ভবত আজ ওয়েস্ট ইন্ডিজ কখন অলআউট হবে, তা নয়। সেটি হয়ে যাচ্ছে—ওয়েস্ট ইন্ডিজের কখন মনে হবে, ইচ্ছামতো ফিল্ডিং সাজিয়ে যথেচ্ছ আক্রমণ করার মতো যথেষ্ট রান হয়ে গেছে, এবার দেখি বাপধন তোমরা কতক্ষণ টিকতে পারো!টেস্টের দুই দিন বাকি থাকতে অবস্থাটা এমন—ওয়েস্ট ইন্ডিজ ৩৩১ রানে এগিয়ে, হাতে আরও ৭ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ এখন ছেড়ে দিলেও ব্যাপারটা সহজ হতো না। কারণ, চতুর্থ ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বেশি রান করে জয়ের রেকর্ড মাত্র ২১৭/৬। সেটি ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই গ্রেনেডায়। এই টেস্টে জয়-টয় নিয়ে কথাবার্তা আসলে কুঁজোর চিৎ হয়ে শোয়ার আকাঙ্ক্ষার মতো শোনাবে। কিন্তু ড্র করা তো আরও কঠিন। সে জন্য অনেক লম্বা সময় ব্যাটিং করতে হবে। কতক্ষণ, এই সিদ্ধান্তও বোধ হয় ড্যারেন স্যামিই নিচ্ছেন।চতুর্থ ইনিংসে ১৪২ ওভার ব্যাটিং করে ম্যাচ ড্র করার কীর্তি আছে বাংলাদেশের। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ড্র বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মিরপুরে বরং প্রেরণা হতে পারে বছর তিনেক আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টটি, যেটিতে চতুর্থ ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩। তার পরও বড় ব্যবধানেই হারতে হয়েছিল। কারণ, লক্ষ্য ছিল ৫২১।চতুর্থ ইনিংস যে এমন ঘোর অমানিশা হয়ে দেখা দিচ্ছে, সেটির মূলে প্রথম ইনিংসে টপ অর্ডারের ওই নবাবি ব্যাটিং। প্রথম ইনিংসে ১২৪ রানের ঘাটতির চেয়ে ইনিংসটা মাত্র ৬৮ ওভার স্থায়ী হওয়াটাও কম সমস্যা করেনি। লিডটা বাড়াতে ধীরেসুস্থে ব্যাটিং করার বিলাসিতা তো এ কারণেই দেখাতে পারছে ওয়েস্ট ইন্ডিজ।তৃতীয় দিন সকালে ঘণ্টা খানেকের মধ্যেই বাংলাদেশের বাকি তিন উইকেট নেই। রান যোগ হলো মাত্র ২৭। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের দ্বিতীয় বলেই নাঈমের সরাসরি থ্রোতে ব্রাফেটের রান আউট একটু ঢেউ তুলেছিল। বাকি দিন শুধুই উইকেটের আশায় হাপিত্যেশ করে মরা।মিরপুরের এই উইকেটকে কারও কাছে বহুরূপী মনে হতেই পারে। দেবেন্দ্র বিশু বোলিং করার সময় এটি টার্নিং ট্র্যাক! ফিদেল এডওয়ার্ডসের ২৯ বলের ধ্বংসযজ্ঞের সময় এটি পেসারদের বন্ধু আর বাংলাদেশের বোলিংয়ের সময় পুরোপুরি ব্যাটিং উইকেট!ধাঁধাটা আসলে উইকেটের নয়। এটা দক্ষতার প্রশ্ন। বিশু বল ঘুরিয়েছেন রিস্ট স্পিনারের সহজাত ক্ষমতায়। নিখাদ ফাস্ট বোলার এডওয়ার্ডসেরও গতির ঝড় তুলতে উইকেটের সাহায্য লাগেনি। কালো মাটির শক্ত এই উইকেট আসলে ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলে। দ্বিতীয় ও তৃতীয় দিনে তো আরও কলস্বরে। এমন উইকেটে রানরেটের কথা না ভেবে ব্যাটিং করে যাওয়া ব্যাটসম্যানকে আউট করার মতো বিষ বাংলাদেশের বোলিংয়ে থাকলে তো! কখনো কখনো তো মনে হলো, শুধু বোলিং করার জন্যই করে যাওয়া হচ্ছে।একদিক থেকে সোহরাওয়ার্দী, অন্যদিক থেকে নাসির—টেস্ট ক্রিকেট এমন নির্বিষ বোলিংয়ের যুগলবন্দী আগে কখনো দেখেছে কি না সন্দেহ! নাসির না হয় নিয়মিত বোলার নন, কিন্তু বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দীর বিন্দুমাত্র বল টার্ন করাতে না পারার ‘ক্ষমতা’ রীতিমতো বিস্ময়কর।কার্ক এডওয়ার্ডসকে বিরল এক কৃতিত্ব থেকে অবশ্য বঞ্চিত করলেন সোহরাওয়ার্দীই। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টে জোড়া সেঞ্চুরির তালিকাটা রীতিমতো ক্যারিবিয়ান ব্যাটিংয়ের ‘হুজ হু’—হেডলি, উইকস, ওয়ালকট, সোবার্স, কানহাই, রো, গ্রিনিজ ও লারা। এই মহারথীদের দলে কার্ক এডওয়ার্ডসের এখনই ঢুকে যাওয়াটা কেমন দেখায় ভেবেই হয়তো ক্রিকেট-বিধাতা হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিলেন। টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে এডওয়ার্ডস বোল্ড। সোহরাওয়ার্দীর সোজা বলেই!কার্ক এডওয়ার্ডসের সেঞ্চুরি হলে সেটি অনেক বড় কীর্তি হতো। তবে ড্যারেন ব্রাভোর সেঞ্চুরির মতো আবেগময় অভিজ্ঞতা হয়তো হতো না। আগের ১৭টি টেস্ট ইনিংসে ছয়টি হাফ সেঞ্চুরি, দ্বিতীয় টেস্টের ৮০ রানই এত দিন সর্বোচ্চ হয়ে ছিল। কাল দিনের শেষ বলে দুই রান নিয়ে আজন্ম আরাধ্য প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন। চলনে-বলনে, ব্যাটিং স্টাইলে ব্রায়ান লারার সঙ্গে আশ্চর্য মিল দুজনের মধ্যে রক্তের সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। ড্যারেন ব্রাভো কোনো দিন লারার কাছাকাছি যেতে পারুন না পারুন, মিরপুর স্টেডিয়ামকে কখনোই ভুলবেন না। যে মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়ার পর চোখ মুছতে মুছতে ড্রেসিংরুমে ঢুকেছেন, সেই মাঠকে ভোলা যায় নাকি!কাল বাংলাদেশের বিবর্ণ বোলিংয়ের মধ্যেও একটু উজ্জ্বল রুবেল হোসেন। আরেক পেসার শাহাদাত যেখানে দর্শকে পরিণত, রুবেল দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলেন। কিন্তু স্কোরকার্ডে এর প্রমাণ নেই। একটা উইকেট পেতে পেতেও পেলেন না। মিড উইকেটে সাকিব সামনে ডাইভ দিয়ে ক্যাচটা নিয়েছিলেন। কিন্তু সিদ্ধান্তটা টিভি আম্পায়ারের কাছে যাওয়া মাত্রই রুবেলের মন খারাপ হওয়াটা নিশ্চিত হয়ে যায়। ছবি যত বড় করেই দেখা হোক না কেন, ঝাপসা ওই ছবি প্রায় সব সময়ই ব্যাটসম্যানের পক্ষেই যায়।এডওয়ার্ডস-ব্রাভোর কাছে সাকিবকে প্রথম ইনিংসের মতো ধাঁধা মনে হয়নি। তার পরও ব্রাভোর উইকেটটি তো পেয়েই গিয়েছিলেন। ৪৫ রানে সাকিবের তিন বলের মধ্যে দুবার নতুন জীবন পেয়েছেন ব্রাভো। প্রথমবার ক্যাচ ছাড়লেন মুশফিক। পরের বার স্লিপে ইমরুল কায়েস।এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে মুশফিক তিনটি ক্যাচ ফেললেন। তিনবারই যে স্পিনারের বলে, এটি হয়তো কোনো কাকতালীয় ঘটনা নয়। স্পিনে ক্যাচ নিতেই সবচেয়ে বেশি কম সময় পান উইকেটকিপার। অধিনায়কের মাথায় চলতে থাকা নানা কাটাকুটি সময়টাকে আরও অপর্যাপ্ত বানিয়ে দিতেই পারে।তৃতীয় দিন শেষেওয়েস্ট ইন্ডিজ: ৩৫৫ ও ২০৭/৩বাংলাদেশ ১ম ইনিংস: ২৩১