২৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার বিচার চলাকালে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় আদালত অবমাননার দায়ে মো. আবদুল বাছেত নামের এক জওয়ানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। একই সঙ্গে তাঁকে চাকরিচ্যুত এবং তাঁর সব সুযোগ-সুবিধা বাতিল করারও নির্দেশ দেওয়া হয়।পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ গতকাল বুধবার দুপুরে এ আদেশ দেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। বিদ্রোহের বিচার চলাকালে আদালতে এ ধরনের সাজা এটাই প্রথম।এক দিন বিরতি দিয়ে গতকাল সকাল সোয়া নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়। এ মামলার ৬৬৭ জন আসামিকে এর আগেই আদালতে হাজির করা হয়। শুরুতে গত সোমবার সাক্ষ্য দেওয়া দ্বাদশ সাক্ষী আবদুর রহমানকে বাকি আসামিরা জেরা করেন। এরপর তিনজন সাক্ষী ৪৩ আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন এবং আসামিরা তাঁদের জেরা করেন। এ নিয়ে ১৫ জন সাক্ষ্য দিলেন। আগের ১২ জন সাক্ষী ১৬৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।গতকালের শেষ সাক্ষী ল্যান্স নায়েক আবদুর রহমান তাঁর বক্তব্যের একপর্যায়ে আসামিদের উদ্দেশ করে বলেন, ‘মানুষরূপী এসব হিংস্র জানোয়ার ৫৭ জন মায়ের কোল খালি করেছে। এরা জাতির কুলাঙ্গার সন্তান।’ এ বক্তব্যের পর আসামিদের মধ্যে গুঞ্জন শুরু হয়। সেপাই আবদুল বাছেত উঠে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেন, ‘এ আদালত শুধু কী সাক্ষীদের জন্য, না আসামিদের জন্য? এ বক্তব্য আদালতের পরিপন্থী। সাক্ষী আমাকে গালি দিতে পারেন না।’ এ পর্যায়ে আদালতের একজন বিচারক বলেন, ‘আপনাদের বক্তব্যের জন্য সময় দেওয়া হবে। তখন সব বলতে পারবেন।’ এর পরও আসামিরা হইচই করলে আদালত বলেন, ‘আপনারা আদালতে এ ধরনের আচরণ করলে নতুন করে বিদ্রোহের অভিযোগের মুখোমুখি হতে পারেন।’ আদালত ২৪ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর গোফরান মল্লিককে সাক্ষীকে জেরা করতে বলেন। আসামি গোফরান জেরার পরিবর্তে ভিন্ন বক্তব্য দেওয়ার অনুমতি চাইলে আদালত তাঁর হাত থেকে মাইক কেড়ে নিতে বলেন। গোফরানের পাশে বসা ছিলেন বাছেত। পিলখানায় হত্যাযজ্ঞ মামলার আসামি হওয়ায় তাঁকে ডান্ডাবেড়ি পরিয়ে কারাগার থেকে আদালতে আনা হয়।আদালতকে সহায়তাকারী অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী বিডিআর আইনে বিদ্রোহের ব্যাখ্যা, আদালতের নিয়মকানুনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং নিয়মকানুন মানার বিষয়ে আসামিদের সতর্ক করেন। এরপর অপর এক আসামি বলেন, ‘সাক্ষী তাঁদের “কুলাঙ্গার” ও “জানোয়ার” বলেছেন। এমন বক্তব্য কি দেওয়া যায়?’ এর জবাব না দিয়ে আদালত তাঁকে বসিয়ে দিলে বাছেত অনুমতি ছাড়াই উঠে দাঁড়ান এবং মাইক্রোফোন ছাড়াই বক্তব্য দিতে থাকেন। তাঁকে বিরত থাকার জন্য আদালত বারবার আদেশ দিলেও তিনি থামেননি। আদালত তাঁকে ডান্ডাবেড়ি পরানোর আদেশ দিলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘ডান্ডাবেড়ি আছে, আর কত লাগাবেন? এই আদালতে আসামিকে ডান্ডাবেড়ি লাগানো হয়েছে। কোনো সমস্যা নেই। ঘাড়ে কেরামান কাতেবিন (ফেরেশতা) আছেন, তাঁরা সব দেখছেন। এই সুপ্রিম পাওয়ার, এই ক্ষমতা থাকবে না ইনশাল্লাহ। তখন সব দেখা যাবে।’ এ পর্যায়ে আদালত ১০ মিনিটের জন্য মুলতবি করা হয়।মুলতবির পর আদালতের কার্যক্রম শুরু হলে বাছেতকে গোফরানের পাশ থেকে সরিয়ে বসানো হয়, লাগানো হয় হাতকড়া। পরে সাক্ষী রহমানকে আরও কয়েকজন আসামি জেরা করেন।বেলা একটার পর আদালত মুলতবির আগে প্রথমে বাছেতের বিরুদ্ধে আদালত অবমাননার বিচারের রায় ঘোষণা করা হয়। এরপর আদালত নিয়মিত আদেশ পড়ে শোনান।আদালতের আদেশে বলা হয়, আদালত অবমাননার দায়ে বাংলাদেশ রাইফেলস অর্ডার ১৯৭২ সালের আইনের ১০বি(১) (ডব্লিউ) এবং দণ্ডবিধির ২২৮ ধারায় বাছেতকে অভিযুক্ত করা হয়েছে। এ ধারায় তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে তাঁকে চাকরিচ্যুত এবং তাঁর সব সুযোগ-সুবিধা বাতিল করারও আদেশ দেন আদালত।রায়ের পর সংবাদ ব্রিফিংয়ে মামলার প্রসিকিউটর ও ২৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামছুর রহমান বলেন, বাছেত বক্তব্য দিয়ে অন্য আসামিদের উত্তেজিত করার চেষ্টা করছিলেন। এ ধরনের বক্তব্য দিয়ে তিনি আদালত অবমাননা করেছেন। আসামিদের উদ্দেশ করে ‘জানোয়ার’ ও ‘কুলাঙ্গার’ বলাকে কীভাবে দেখেন—জানতে চাইলে প্রসিকিউটর বলেন, সাক্ষী ঘটনার বিবরণ দেওয়ার সময় এটাকে বিশেষণ হিসেবে উল্লেখ করেছিলেন।