ঔষধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে রুল জারি
আটটি ওষুধ বাজার থেকে প্রত্যাহার-সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রতিবন্ধকতার প্রশ্নে ঔষধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। ওষুধগুলো হচ্ছে—ক্যাপসুল টেট্রাসাইক্লিন, ডাইক্লোফেনাক, এনডক্স, সেফক্স, বিটিমক্স ৫০০ মিগ্রা, বিটিমক্স ২৫০ মিগ্রা, ইন্দোটেট্রা ও সাসপেনশন টেমিফল।আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। গতকাল সোমবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ আবেদনটি করেন। ওষুধে ভেজাল রোধে গত বছর নভেম্বরে হাইকোর্টে রিট আবেদন করে সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর বাজার থেকে ওষুধ সংগ্রহ করে পরীক্ষা করার নির্দেশ দেন হাইকোর্ট। এ নির্দেশনা অনুসারে বাজার থেকে ৪৮টি ওষুধের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৪৮টি ওষুধ পরীক্ষা করে আটটি নিম্নমানের উল্লেখ করে এ-সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট ওই আটটি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দেন।ঔষধ প্রশাসন পরিদপ্তর এ বিষয়ে একটি নোটিশও দেয়। এরপর ডাইক্লোফেনাক নামে একটি ওষুধের উত্পাদক ইনোভা ফার্মাসিউটিক্যাল হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন করে, কিন্তু সাড়া মেলেনি। তবে ঔষধ প্রশাসন পরিদপ্তর নোটিশটি প্রত্যাহার করে নেয়। তাই হাইকোর্টের আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতার অভিযোগে আদালত অবমাননার আবেদনটি করা হয়।